সিলেটে পাহাড়ি ঢলে আগাম বন্যার আশঙ্কা
- আপডেট সময় : ১১:৫০:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬
- / ১৫২৬ বার পড়া হয়েছে
সিলেটে ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর আগাম বন্যার আশঙ্কায় নির্ঘুম রাত কাটছে হাওর পাড়ের কৃষকদের। জেলার হাওরাঞ্চলে আগাম আধাপাকা বোরো ধান কাটার ধুম পড়েছে। কৃষি বিভাগ বলছে, ইতোমধ্যে অর্ধেক ধান কাটা শেষ হয়েছে। বাকি ধান দ্রুত ঘরে তুলতে মাঠ পর্যায়ে চলছে জোর তৎপরতা।
নীল আকাশে মেঘের আনাগোনা আর উজানের ঢলের আতঙ্ক। সিলেটের দিগন্তজোড়া হাওর এখন সোনালী ধানে ভরপুর থাকলেও কৃষকদের মনে নেই স্বস্তি। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী, যে কোনো সময় হানা দিতে পারে আগাম বন্যা। আর সেই আশঙ্কা থেকেই কাস্তে হাতে মাঠে নেমে পড়েছেন হাজারো কৃষক। পানিতে ডোবা আধাপাকা ধান কেটে নিচ্ছেন তাঁরা।
সিলেট কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, জেলায় এবার ৮৮ হাজার ৫৬০ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। এর মধ্যে শুধু হাওরাঞ্চলেই রয়েছে প্রায় ৩৭ হাজার ৬২৬ হেক্টর জমি। হাওরগুলোতে এখন চলছে ধান কাটার উৎসব। ইতোমধ্যে হাওরাঞ্চলের ৪৮ শতাংশ ধান কাটা শেষ হয়েছে।
এদিকে, আগাম বন্যার আশঙ্কায় কৃষকদের আগে থেকেই সচেতন করছে কৃষি বিভাগ। যদি বড় কোনো বিপর্যয় না ঘটে, তবে আগামী কয়েকদিনের মধ্যে অবশিষ্ট ধানও নিরাপদে ঘরে তোলা সম্ভব হবে।
প্রকৃতি অনুকূলে থাকলে স্বপ্নের ফসল গোলায় উঠবে- এমনটাই প্রত্যাশা সিলেটের প্রান্তিক কৃষকদের। তবে মেঘের ডাক আর পাহাড়ি ঢলের আশঙ্কায় এখন সময়ের সঙ্গে পাল্লা দিয়েই চলছে সোনালী ধান কাটার মহোৎসব।
























