সারাদেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সকলের এগিয়ে আসার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর
- আপডেট সময় : ০৫:৪০:১৭ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬
- / ১৫৩৬ বার পড়া হয়েছে
বাংলাদেশ পর্যটন ভবনে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ক্রত্রিক প্রস্তাবিত মানিকগঞ্জ জেলা ভিত্তিক পর্যটন সার্কিট গঠন উন্নয়ন ও ব্যবস্থাপনা শীর্ষক প্রস্তাবিত প্রকল্পের ডিপিপির যাচাই কমিটির সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম, এমপি।
সভায় মানিকগঞ্জে জেলা ভিত্তিক পর্যটন সার্কিট গঠনে নদী ভিত্তিক পর্যটন বিশেষ গুরুত্ব পায়। এছাড়া Tourist Information and Service Center, Handicraft Centre Life Guard Service Center স্থাপনের বিষয়ে বিশদ আলোচনা হয়।
প্রধান অতিথির বক্তৃতায় বালিয়াটি প্রাসাদ, ধামরাই লোকশিল্প কেন্দ্র এবং অন্যান্য ঐতিহ্যবাহী পর্যটন সম্পদের সংরক্ষণ, পুনর্বাসন ও পর্যটন উপযোগী করার নির্দেশনা প্রদান করেন মন্ত্রী।
মন্ত্রী বলেন, প্রত্যেকটা স্থানের জন্য সুনির্দিষ্ট পর্যটন থিম নির্ধারণ করে প্রকল্প প্রণয়ন করতে হবে। এছাড়া নতুন পর্যটন স্থানকে কিভাবে স্থানীয় জনগণের জীবনযাত্রার সঙ্গে সরাসরি সম্প্রক্ত করা যায় সেটাকে গুরুত্ব দিতে হবে।
মন্ত্রী আরো বলেন, বিগত ১৭ বছরে দেশের পর্যটন খাতে উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হয়নি। তাই সরকারি বেসরকারি অংশীজনদের সম্মিলিত প্রচেষ্টায় আমাদের এই খাতকে এগিয়ে নিয়ে যেতে হবে। তাছাড়া কর্ণফুলী টানেল ও পদ্মাসেতু সংলগ্ন অতিথিশালাকে সাধারন জনগণের জন্য পর্যটন আকর্ষণ হিসেবে উন্মুক্ত করার উদ্যোগ অতি দ্রুত নেয়া হবে।
এসময় মন্ত্রী বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রমোশনাল ওয়েবসাইট https://beautifulbangladesh.gov.bd/ এর মাধ্যমে দেশের অতুলনীয় সৌন্দর্যকে দেশী-বিদেশী পর্যটকদের কাছে তুলে ধরার আহ্বান জানান।
এর আগে সভার শুরুতে কক্সবাজার সমুদ্রসৈকতে প্যারাসেইলিংকালে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় এক পর্যটকের মৃত্যুর ঘটনায় মন্ত্রী দুঃখপ্রকাশ করেন এবং সংশ্লিষ্ট দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করেন। ভবিষ্যতে যাতে এরকম ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সেজন্য ট্যুরিজম বোর্ডের কর্মকর্তাগণকে কক্সবাজার বীচ ম্যানেজমেন্ট কমিটির সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশনা প্রদান করেন। কক্সবাজারসহ সারাদেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান মন্ত্রী।



























