সরাইলে মাদক কেনাবেচায় বাধা দেয়ায় দুই পক্ষের সংঘর্ষ, এক কিশোর নিহত
- আপডেট সময় : ০৫:০৭:২৭ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬
- / ১৫২৩ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মাদক কেনাবেচায় বাধা দেয়া’র জেরে দুই পক্ষের সংঘর্ষে রায়হান নামে এক কিশোর নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন দুই পক্ষের অন্তত ১৫ জন। শুক্রবার গভীর রাতে উপজেলার সৈয়দটুলা উত্তরপাড়া গ্রামে এই রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, গতকাল রাত দশটার দিকে উত্তরপাড়া এলাকার সজীব মিয়া স্থানীয় এক যুবককে ইয়াবা কিনে আনার জন্য ৩০০ টাকা দেয়। কিন্তু ওই যুবক ইয়াবা না দিয়ে টাকা খরচ করে ফেলে। এ নিয়ে সজীব মিয়া ক্ষুব্ধ হলে তা একপর্যায়ে তা হাতাহাতি ও মারামারিতে রুপ নেয়। রাত সাড়ে ১২ টার দিকে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। সংঘর্ষে ধারালো অস্ত্রের আঘাতে রায়হান গুরুতর আহত হয়। পরে থাকে উদ্ধার করে সরাইল উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের অন্তত আরো ১৫ জন আহত হন। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনজুর কাদের ভুঁইয়া বলেন, মাদক সংক্রান্ত বিষয়ের জের ধরে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে। অভিযান চালিয়ে পরিস্থিতি শান্ত করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
























