শাপলা চত্বর হত্যা মামলার পরবর্তী শুনানী ১৪ মে
- আপডেট সময় : ০৩:২৩:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
- / ১৫২৮ বার পড়া হয়েছে
রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশে হত্যাযজ্ঞের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় বিচারের মুখোমুখি হচ্ছেন সাবেক মন্ত্রী দীপু মনি এবং সাংবাদিক মোজাম্মেল বাবু ও ফারজানা রুপা।
আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ তাঁদের বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট ইস্যু করে আগামী ১৪ মে আদালতে হাজির করার নির্দেশ দিয়েছেন। বিচারপতি মো. শফিউল আলম মাহমুদের নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেল আজ এই আদেশ দেন।
প্রসিকিউশন পক্ষ জানিয়েছে, তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দীপু মনি এই হত্যাকাণ্ডকে আন্তর্জাতিকভাবে ভিন্নখাতে প্রচার করেছিলেন এবং অভিযুক্ত সাংবাদিকরা উসকানিমূলক প্রচারণার মাধ্যমে এই অপরাধে ইন্ধন জুগিয়েছেন।
প্রসিকিউটর গাজী এমএইচ তামিম শুনানিতে জানান, শাপলা চত্বরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানকে ‘উশৃঙ্খল নির্মূল’ হিসেবে প্রচার করেছিলেন দীপু মনি। বর্তমানে এই মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান ও শাহরিয়ার কবিরসহ ৬ জন কারাগারে রয়েছেন। হেফাজত নেতা আজিজুল হকের করা এই অভিযোগের তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৭ জুন দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।

























