রক্ষণাবেক্ষণের অভাবে অকেজো হয়ে পড়ছে ময়মনসিংহ শহরের আধুনিক ট্রাফিক সিগনাল সিস্টেম
- আপডেট সময় : ১১:৪৩:৩১ পূর্বাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬
- / ১৫৫৭ বার পড়া হয়েছে
রক্ষণাবেক্ষণের অভাবে একের পর এক অকেজো হয়ে পড়ছে ময়মনসিংহ শহরের ট্রাফিক সিগনাল লাইট। যানজট নিরসনে স্থাপন করা আধুনিক এই ব্যবস্থা এখন পরিণত হয়েছে অবহেলা আর চুরির শিকার স্থাপনায়। ফলে অ্যানালগ পদ্ধতিতেই চলছে ট্রাফিক নিয়ন্ত্রণ। নাগরিকদের অভিযোগ, নজরদারির অভাবেই নষ্ট হচ্ছে রাষ্ট্রীয় সম্পদ।
যানজট নিয়ন্ত্রণ ও সড়কে শৃঙ্খলা ফেরাতে ১৯৯২ সালে ময়মনসিংহ শহরের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে বসানো হয় আধুনিক ট্রাফিক সিগনাল লাইট। কিন্তু স্থাপনের পর থেকেই অধিকাংশ সিগনাল কার্যত অচল। সময়ের সঙ্গে অবহেলা আর রক্ষণাবেক্ষণের অভাবে ধ্বংস হয়েছে পুরো ব্যবস্থা। এখনো ট্রাফিক নিয়ন্ত্রণ চলছে পুলিশের হাতের ইশারায়।
ব্রিজ মোড়, গাঙ্গিনারপাড়, তাজমহল, নতুনবাজার, চরপাড়া ও টাউন হল মোড়ে এখনও দেখা যায় ভাঙাচোরা ট্রাফিক সিগনালের অবশিষ্টাংশ। নজরদারির অভাবে চুরি হয়ে গেছে অনেক খুঁটি, বৈদ্যুতিক ক্যাবল ও লাইট। কোথাও কোথাও পাখির বাসায় পরিণত হয়েছে এসব সিগনাল পোস্ট। নগরবাসীর অভিযোগ, আধুনিক ট্রাফিক ব্যবস্থা অচল থাকায় বাড়ছে যানজট ও দুর্ঘটনার ঝুঁকি।
ভক্সপপ: কয়েকজন নগরবাসী ও চালক।
নাগরিক নেতাদের অভিযোগ, কোটি কোটি টাকার রাষ্ট্রীয় সম্পদ অবহেলায় নষ্ট হলেও জবাবদিহি নেই কারও। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন তারা।
সট: ইমতিয়াজ আহমেদ তানসেন, সভাপতি, সমাজ রূপান্তর সাংস্কৃতিক সংঘ, ময়মনসিংহ।
তবে ময়মনসিংহ সিটি কর্পোরেশন বলছে, নগরবাসী ও চালকদের সচেতন করে ধীরে ধীরে ট্রাফিক সিগনাল ব্যবস্থা পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হবে।
এদিকে, নগরীর অসহনীয় যানজট নিয়ন্ত্রণে প্রতিদিন বিভিন্ন সড়কে দায়িত্ব পালন করছেন ট্রাফিক পুলিশের প্রায় ১২০ জন সদস্য। তবে নাগরিকদের প্রত্যাশা— আধুনিক ট্রাফিক ব্যবস্থা সচল করে নগরীতে ফিরিয়ে আনা হোক শৃঙ্খলা।

























