রংপুর কাস্টমসের দুর্নীতি-চাঁদাবাজির প্রতিবাদ
- আপডেট সময় : ০৬:১০:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
- / ১৫৫৮ বার পড়া হয়েছে
রংপুর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট কার্যালয়ের দুর্নীতি ও চাঁদাবাজির সংবাদ প্রকাশের জেরে হুমকি ও অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদ জানিয়েছেন সাংবাদিকদের ৮টি সংগঠনের সমন্বয়ে গঠিত মোর্চা সম্মিলিত সাংবাদিক সমাজের নেতারা। অবিলম্বে অভিযুক্ত কর্মকর্তা কমিশনার শফিউর রহমান ও যুগ্ম কমিশনার পায়েল পাশাকে প্রত্যাহার ও চাকরিচ্যুতির দাবি জানান তারা । সকালে রংপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেন সম্মিলিত সাংবাদিক সমাজ।
বৃষ্টি উপেক্ষা করে রংপুর প্রেসক্লাবের সামনে জড়ো হন বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা। সম্মিলিত সাংবাদিক সমাজের ব্যানারে আয়োজিত এ মানববন্ধনে অংশ নেয় প্রেস ক্লাব, সিটি প্রেস ক্লাব, সাংবাদিক ইউনিয়ন, রিপোর্টার্স ক্লাব, রিপোর্টার্স ইউনিটি, টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনসহ আটটি সংগঠন।
সাংবাদিক নেতারা অভিযোগ করেন, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের কিছু কর্মকর্তা ক্ষমতার অপব্যবহার করে অনৈতিক সুবিধা আদায়ের চেষ্টা করছেন। এসব নিয়ে সংবাদ প্রকাশ করায় সাংবাদিক নেতার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করা হয়েছে।
কমিশনার শফিউর রহমান ও যুগ্ম কমিশনার পায়েল পাশাকে প্রত্যাহার এবং তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে চাকুরীচ্যুত করার দাবি জানান বক্তারা। দাবি আদায় না হলে কাস্টমস কার্যালয় ঘেরাও সহ আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন সাংবাদিক নেতারা।






















