বৃষ্টি থেমেছে, কমেনি জলাবদ্ধতা—কালিয়াকৈরে পানিবন্দী শত শত পরিবার
- আপডেট সময় : ০২:১৭:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
টানা বৃষ্টির পর দুদিন ধরে আকাশ পরিষ্কার। কিন্তু গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার বিভিন্ন এলাকায় এখনো নামেনি জলাবদ্ধতার পানি। ড্রেনেজ ব্যবস্থার দুর্বলতায় পানিবন্দী হয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন শত শত পরিবার।
আকাশে কড়া রোদ, অথচ সড়কের ওপর থৈ থৈ পানি। গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার চিত্র এটি। টানা কয়েক দিনের ভারী বৃষ্টি শেষ হলেও, পর্যাপ্ত ড্রেন না থাকায় নামছে না পানি। ফলে রাস্তাঘাট, বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান এখনো পানির নিচে। চলাচলের জন্য এখন এলাকাবাসীর একমাত্র ভরসা নৌকা কিংবা ভ্যানগাড়ি।
দিন দিন বাড়ছে পানিবন্দি মানুষের দুর্ভোগ। এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানির তীব্র সংকট। ময়লা ও দুর্গন্ধযুক্ত পানির কারণে চর্মরোগসহ ছড়াচ্ছে নানা পানিবাহিত রোগ। সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরা। দোকানে পানি ঢুকে নষ্ট হচ্ছে মালামাল।
স্থানীয়দের অভিযোগ—প্রথম শ্রেণির পৌরসভা হলেও এখানে নেই কোনো কার্যকর ড্রেনেজ ব্যবস্থা। তার ওপর অপরিকল্পিত নগরায়ন আর খাল-নালা ভরাট করার খেসারত দিতে হচ্ছে সাধারণ মানুষকে। প্রতি বর্ষায় একই দুর্ভোগ পোহাতে হলেও নেয়া হয় না কোনো স্থায়ী পদক্ষেপ।
অবশ্য পৌর কর্তৃপক্ষ বলছে, পানি দ্রুত নামানোর জন্য কাজ চলছে। তবে পানিবন্দি বাসিন্দাদের কিছুটা ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন এই কর্মকর্তা।
নগরায়নের নামে শুধু প্রতিশ্রুতি নয়; কালিয়াকৈরবাসীর এই চেনা দুর্ভোগ দূর করতে প্রয়োজন দীর্ঘমেয়াদী ও পরিকল্পিত ড্রেনেজ মাস্টারপ্ল্যান।


























