বিয়ে করলেন অর্জুন রামপাল, পাত্রী দীর্ঘদিনের সঙ্গী গ্যাব্রিয়েলা
- আপডেট সময় : ১২:২৩:৪২ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬
- / ১৫৬৪ বার পড়া হয়েছে
বলিউড অভিনেতা অর্জুন রামপাল ও তাঁর দীর্ঘদিনের সঙ্গী গ্যাব্রিয়েলা দেমেত্রিয়াদেস অবশেষে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন। দীর্ঘ ছয় বছরের সম্পর্কের পর গোয়ায় আইনি প্রক্রিয়ায় বিয়ে নিবন্ধন করেছেন তাঁরা। তবে বিশেষ এই দিনটি কোনো জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে উদ্যাপন করেননি এই দম্পতি।
সংবাদ সংস্থা পিটিআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর গোয়ার মাপুসার সাব-রেজিস্ট্রার কার্যালয়ে তাঁদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। স্থানীয় আইনে প্রথম ও দ্বিতীয় স্বাক্ষরের মধ্যে ১৫ দিনের অপেক্ষার বিধান থাকলেও বিশেষ অনুমতি নিয়ে দ্রুত প্রক্রিয়াটি সম্পন্ন করেন তাঁরা।
সাব-রেজিস্ট্রার সুরজ ভেরনেকার জানান, গোয়ার ইউনিফর্ম সিভিল কোডের আওতায় তাঁদের বিয়ে নিবন্ধিত হয়েছে। বিকেল চারটার দিকে সাদামাটা পোশাকে কার্যালয়ে যান অর্জুন ও গ্যাব্রিয়েলা। সঙ্গে ছিলেন কয়েকজন ঘনিষ্ঠ বন্ধু।
ছয় বছরের সম্পর্কের পর বিয়ে
অর্জুন ও গ্যাব্রিয়েলার সম্পর্কের শুরু ২০১৮ সালে। ২০১৯ সালে তাঁদের প্রথম সন্তান এরিকের জন্ম হয়। ২০২৩ সালে তাঁদের দ্বিতীয় সন্তান এরিভ পৃথিবীতে আসে। দুই সন্তান ও সংসার নিয়ে একসঙ্গে পথ চললেও এতদিন বিয়ের আনুষ্ঠানিকতা নিয়ে তাড়াহুড়া করেননি তাঁরা।
২০২৫ সালে অর্জুন গ্যাব্রিয়েলার সঙ্গে বাগ্দানের খবর প্রকাশ্যে আনেন। এবার ২০২৬ সালে এসে আইনি স্বীকৃতি পেল তাঁদের সম্পর্ক।
‘বিয়ের জন্য কাগজের প্রয়োজন নেই’
বিয়ের আগে অর্জুন একাধিকবার জানিয়েছিলেন, তাঁদের সম্পর্কের ক্ষেত্রে বিয়ের কাগজ খুব গুরুত্বপূর্ণ নয়। রণবীরের ইউটিউব চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘বিয়ে আসলে কী? শেষ পর্যন্ত তো একটা কাগজ।’
অর্জুনের মতে, বিয়ের পর অনেক সময় মানুষের মনে সম্পর্কটি স্থায়ী হয়ে যাওয়ার একটি ধারণা তৈরি হয়, যা সম্পর্কের স্বাভাবিক গতিকে বদলে দিতে পারে। তাঁর কাছে গ্যাব্রিয়েলার সঙ্গে সম্পর্কের সৌন্দর্য ছিল স্বাভাবিকভাবেই একসঙ্গে পথ চলায়।
তবে বিয়ের বিরোধী নন বলেও জানিয়েছিলেন এই অভিনেতা। শেষ পর্যন্ত সেই ‘কাগজের’ স্বীকৃতিই নিলেন তাঁরা।
এর আগে ২১ বছরের সংসার
গ্যাব্রিয়েলার সঙ্গে সম্পর্কের আগে মডেল ও সাবেক মিস ইন্ডিয়া মেহর জেসিয়ার সঙ্গে দাম্পত্য জীবন ছিল অর্জুনের। ১৯৯৮ সালে তাঁদের বিয়ে হয়। তাঁদের দুই মেয়ে—মাহিকা ও মাইরা।
প্রায় ২১ বছর সংসার করার পর ২০১৯ সালে বিচ্ছেদ হয় অর্জুন ও মেহরের। বিচ্ছেদের পরও দুই মেয়ের সঙ্গে অর্জুনের সম্পর্ক ঘনিষ্ঠ রয়েছে।
গ্যাব্রিয়েলার সঙ্গে নতুন সম্পর্ক শুরুর পরও দুই মেয়ের প্রতি বাবার দায়িত্ব পালন করে গেছেন অর্জুন। নতুন সম্পর্ক, দুই সন্তান ও আগের সংসারের সন্তানদের মধ্যে ভারসাম্য রেখে চলেছেন তিনি।
প্রেম থেকে পরিবার
প্রেমের সম্পর্ক থেকে একসঙ্গে পরিবার শুরু করেছিলেন অর্জুন ও গ্যাব্রিয়েলা। বিয়ে ছাড়াই দুই সন্তানের বাবা-মা হয়েছেন তাঁরা। দীর্ঘ সময় আইনি বিয়ে না করেও নিজেদের মতো করে সম্পর্ক এগিয়ে নিয়েছেন।
শেষ পর্যন্ত সেই সম্পর্কই পেল আইনি স্বীকৃতি। গোয়ায় সাদামাটা আয়োজনেই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে নতুন অধ্যায়ে পা রাখলেন অর্জুন ও গ্যাব্রিয়েলা।


























