বিসিবির অনুমোদন ছাড়া জেলা ক্রিকেট সংস্থা পরিচয় ব্যবহার করা যাবে না
- আপডেট সময় : ১২:২৯:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
- / ১৫২৪ বার পড়া হয়েছে
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অনুমোদন ছাড়া কোনো সংগঠন নিজেদের ‘জেলা ক্রিকেট সংস্থা’ হিসেবে পরিচয় দিতে পারবে না। এমন উদ্যোগকে অবৈধ হিসেবে বিবেচনা করা হবে বলে জানিয়েছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
বুধবার (২৬ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে বিসিবি। বোর্ড জানিয়েছে, ব্যক্তি বা কোনো গোষ্ঠীর উদ্যোগে গড়ে ওঠা সংগঠন, প্রতিষ্ঠান কিংবা কমিটির সঙ্গে বিসিবির অনুমোদন, স্বীকৃতি বা সাংগঠনিক সম্পর্ক না থাকলে সেটিকে স্বীকৃত জেলা ক্রিকেট সংস্থা হিসেবে গণ্য করা হবে না।
বিসিবির নির্ধারিত কাঠামো মেনে গঠন করতে হবে
বিসিবি জানায়, জেলা ও আঞ্চলিক পর্যায়ে ক্রিকেট পরিচালনার জন্য বোর্ডের সংবিধানে নির্দিষ্ট কাঠামো রয়েছে। সংবিধানের ৬.২ অনুচ্ছেদ অনুযায়ী, দেশের বিভিন্ন অঞ্চলে আঞ্চলিক ও জেলা ক্রিকেট সংস্থা গঠন, স্বীকৃতি ও নিয়ন্ত্রণের দায়িত্ব বিসিবির।
এ ছাড়া সংবিধানের ৬.৪ অনুচ্ছেদে সংশ্লিষ্ট ক্রিকেট সংস্থাগুলোর কার্যক্রম পরিচালনা ও স্বীকৃতির বিষয়েও বিসিবির এখতিয়ার নির্ধারণ করা হয়েছে।
বোর্ড আরও জানায়, সংবিধানের ৯.১(খ) অনুযায়ী, জেলা ক্রিকেট সংস্থাগুলোকে বিসিবির অনুমোদিত নীতিমালা ও বিধিমালা অনুসরণ করেই গঠিত হতে হবে।
ঘরোয়া ক্রিকেটেও থাকতে হবে বিসিবির অনুমোদন
বিসিবি জানিয়েছে, জাতীয় ক্রিকেট লিগ, জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ, বয়সভিত্তিক ক্রিকেটসহ দেশের বিভিন্ন ঘরোয়া প্রতিযোগিতায় অংশ নিতে হলে নির্ধারিত সাংগঠনিক কাঠামো অনুসরণ করতে হবে।
বোর্ডের অনুমোদন ছাড়া কোনো সংগঠন জেলা ক্রিকেট সংস্থা হিসেবে কার্যক্রম পরিচালনা করলে তা বিসিবির সংবিধানের পরিপন্থী হিসেবে বিবেচিত হবে।
সন্দেহ থাকলে বিসিবির সঙ্গে যোগাযোগের পরামর্শ
ক্রিকেটার, ক্লাব, সংগঠক ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছে বিসিবি। কোনো জেলা ক্রিকেট সংগঠন বা কমিটি বোর্ডের স্বীকৃত কি না, তা নিয়ে সন্দেহ থাকলে সরাসরি বিসিবির সঙ্গে যোগাযোগ করে নিশ্চিত হওয়ার পরামর্শ দিয়েছে সংস্থাটি।
বিসিবি বলছে, কেবল তাদের সাংবিধানিক বিধান মেনে গঠিত এবং অনুমোদন পাওয়া সংস্থাগুলোই ‘জেলা ক্রিকেট সংস্থা’ হিসেবে স্বীকৃতি পাবে।




















