ফরিদপুরে নবনিযুক্ত সিভিল সার্জনের নিয়োগ বাতিলের দাবিতে কার্যালয় অবরোধ
- আপডেট সময় : ০২:১৮:২৯ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
- / ১৫৬০ বার পড়া হয়েছে
ফরিদপুরের নবনিযুক্ত সিভিল সার্জন ডা. এস এম মনজুর-এ-এলাহীর নিয়োগের প্রতিবাদে সিভিল সার্জন কার্যালয়ের মূল ফটক অবরোধ করে বিক্ষোভ করেছেন সচেতন ছাত্র সমাজ।
রোববার সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত এ কর্মসূচি পালন করা হয়। এ সময় বিক্ষোভকারীরা
ডা. মনজুর-এ-এলাহীকে ‘ফ্যাসিস্ট’ আখ্যা দিয়ে তাঁর নিয়োগ বাতিলের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

বিক্ষোভে ছাত্রদলের রাজেন্দ্র কলেজ শাখার সাবেক সভাপতি খাইরুল ইসলাম রোমান ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি কাজী রিয়াজ বক্তব্য দেন। তারা অভিযোগ করেন, ‘ফ্যাসিবাদের দোসর’ হওয়া সত্ত্বেও ডা. এস এম মনজুর-এ-এলাহীকে ফরিদপুরের সিভিল সার্জন হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। অবিলম্বে এ নিয়োগ বাতিল না হলে বৃহত্তর কর্মসূচি পালনের হুঁশিয়ারি দেন তারা। আন্দোলনের একপর্যায়ে কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহা . মাহমুদুল হাসানের নেতৃত্বে একদল পুলিশ গিয়ে আন্দোলনকারীদের ব্যানার, ফেস্টুন এবং সিভিল সার্জন অফিসের প্রধান ফটক খুলে দেন। এ সময় কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে আন্দোলনকারী নেতৃবৃন্দ কথা বলে ছাত্রদের সরিয়ে দেন। বর্তমানে সিভিল সার্জন কার্যালয়ে শান্তি শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে পুলিশের উপস্থিতি রয়েছে ।






















