পদ্মা নদীতে যাত্রীবাহী স্পিডবোটে ভয়াবহ ডাকাতি
- আপডেট সময় : ০৩:৩৪:৪১ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬
- / ১৮৯৮ বার পড়া হয়েছে
ফরিদপুরের চরভদ্রাসনে পদ্মা নদীতে যাত্রীবাহী স্পিডবোটে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার চর ঝাউকান্দা সীমান্তে এক ব্যবসায়ীকে কুপিয়ে নগদ টাকা ও মোবাইল লুট করেছে ডাকাতদল। এ সময় স্পিডবোটের ৪ লাখ টাকা মূল্যের ইঞ্জিনও খুলে নিয়ে যায় তারা।
পুলিশ ও স্থানীয়রা জানায়, স্পিডবোটটি যাত্রী নামিয়ে মৈনট ঘাট থেকে গোপালপুর ঘাটে ফেরার পথে ফারুক মোল্লার চরের কাছে ডাকাতদলের ধাওয়ার মুখে পড়ে। চালক সঞ্জিত বোটটি চরে ভিড়িয়ে কাশবনে পালিয়ে বাঁচলেও, একমাত্র যাত্রী লিটন মোল্লাকে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতরা। পরে তাকে কুপিয়ে জখম করে নগদ টাকা ও বোটের ইঞ্জিন নিয়ে পালায় তারা। গুরুতর আহত লিটনকে ঢাকার দোহারের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে চরভদ্রাসন থানার ওসি মো. আনোয়ার হোসেন জানান, চালককে উদ্ধার করা হয়েছে এবং ঘটনার তদন্তসহ জড়িত চক্রটিকে আটকে অভিযান চলছে।



























