নাটোর বিসিকে বন্ধ হয়ে যাচ্ছে অনেক শিল্প কারখানা
- আপডেট সময় : ১১:৪৭:২৮ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬
- / ১৫৫০ বার পড়া হয়েছে
প্রতিষ্ঠার ৩৫ বছর পরেও রুগ্নতা কাটিয়ে উঠতে পারিনি নাটোরের বিসিক। নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সংযোগ না পাওয়াই বিকশিত হচ্ছে-না জেলার শিল্প প্রতিষ্ঠান। বরং জ্বালানি সংকট ও বাড়তি ব্যয়ের কারণে বন্ধ হয়ে গেছে অনেক শিল্প প্রতিষ্ঠান। দেশের বিভিন্ন অঞ্চলে স্থানান্তর হয়েছে অনেক শিল্প কারখানা । এতে জেলায় বেড়েছে কর্মহীন মানুষের সংখ্যা।
কর্মসংস্থান সৃষ্টি ও শিল্প বিকাশের লক্ষ্যে সাড়ে ১৫ একর জমি নিয়ে ৯০ দশকে নাটোর জেলায় যাত্রা শুরু করে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন-বিসিক। শুরুর দিকে অ্যালুমিনিয়াম ইন্ডাস্ট্রিসহ বেশ কিছু শিল্প ইন্ডাষ্ট্রি গড়ে উঠলেও জেলায় পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহ ও নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ না পাওয়ায় এখানে একে একে বন্ধ হয়ে যায় অনেক শিল্প প্রতিষ্ঠান। আবার অনেক শিল্প প্রতিষ্ঠান স্থানান্তরিত হয়ে যায় অন্য জেলায়। শিল্প মালিকরা বলছেন, কর্মসংস্থান সৃষ্টিসহ অর্থনৈতির উন্নয়নে শিল্প বিকাশের কোন বিকল্প নেই।
নাটোর বিসিকের উপব্যবস্থাপক মেহেদী হাসান জানান, নাটোর জেলায় শিল্প বিকাশের প্রধান প্রতিবন্ধকতা নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ও পাইপ লাইনের মাধ্যমে গ্যাস সংযোগ না পাওয়া।
এদিকে নাটোর সদর আসনে সংসদ সদস্য ও সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু জানান, নাটোর জেলায় গ্যাস সংযোগ স্থাপন, নতুন শিল্প প্রতিষ্ঠান প্রতিষ্ঠাসহ কর্মসংস্থান সৃষ্টিতে ইতোমধ্যেই পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
দারিদ্র্য বিমোচনসহ শিল্প বিকাশের সরকারের গৃহীত পরিকল্পনাগুলো দ্রুত বাস্তবায়ন করার কথাও জানান হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

























