দ্বিতীয় বিয়ের প্রথম বার্ষিকীতে ফারিয়ার আবেগঘন বার্তা
- আপডেট সময় : ০১:৫৩:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
- / ১৫২৮ বার পড়া হয়েছে
মডেল ও অভিনেত্রী শবনম ফারিয়ার দ্বিতীয় সংসারের এক বছর পূর্ণ হয়েছে। ২০২৫ সালের ১৯ সেপ্টেম্বর ব্যাংক কর্মকর্তা তানজিম তৈয়বকে বিয়ে করেন তিনি। প্রথম সংসারের নানা তিক্ততা ও মানসিক চাপ পেরিয়ে নতুন জীবনে পা রাখার এক বছর পূর্তিতে আবেগঘন বার্তা দিয়েছেন এই অভিনেত্রী।
বিবাহবার্ষিকীর প্রথম প্রহর ঘরোয়াভাবে উদযাপন করেছেন ফারিয়া ও তানজিম। কেক কাটার বিশেষ মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে নিজের জীবনের নানা অভিজ্ঞতা ও বর্তমানের সুখের কথা তুলে ধরেন ফারিয়া।
অতীতের ভুল ও কষ্টের কথা
নিজের জীবনের কিছু সিদ্ধান্তের কথা উল্লেখ করে ফারিয়া জানান, অন্যদের মতো তিনিও জীবনে অনেক ভুল করেছেন। তবে কিছু ক্ষেত্রে নিজের সঙ্গে নিজেই অন্যায় করেছেন বলে মনে করেন তিনি।
সামাজিকতা রক্ষার জন্য নিজের স্বাভাবিক অবস্থানের বাইরে গিয়ে অনেক কিছু সহ্য করার কথাও জানান অভিনেত্রী। দীর্ঘদিনের সেই অভিজ্ঞতা তার মনে গভীর দাগ ফেলেছে বলেও উল্লেখ করেন তিনি।
ফারিয়া বলেন, মানসিক চাপ ও জমে থাকা কষ্ট থেকে বেরিয়ে আসতে তিনি কাউন্সেলিং ও থেরাপির সাহায্য নিয়েছেন। জীবনের কয়েকটি বছর ভেতরের সেই কষ্ট থেকে মুক্তি পাওয়ার চেষ্টায় কেটে গেছে বলেও জানান তিনি।
তানজিমকে জীবনের উপহার মনে করেন ফারিয়া
কঠিন সময় পেরিয়ে তানজিমকে জীবনে পাওয়া নিজের জন্য সৌভাগ্যের বিষয় বলে উল্লেখ করেছেন ফারিয়া। স্বামীর পাশাপাশি নতুন পরিবার নিয়েও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।
ফারিয়ার ভাষ্য অনুযায়ী, তানজিমের পরিবারের সদস্যদের সঙ্গে তার সম্পর্কও আন্তরিক। শ্বশুর-শাশুড়ির সঙ্গে নিজের অনেক কথা ভাগ করে নেওয়া এবং ননদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথাও তুলে ধরেছেন তিনি।
স্বামীকে দিলেন মজার বার্তা
আবেগঘন কথার পাশাপাশি বিবাহবার্ষিকীতে স্বামী তানজিমকে নিয়ে মজাও করেছেন ফারিয়া। তাকে ট্যাগ করে তিনি লেখেন, সামনের বছরের জন্য তানজিমের প্রতিপাদ্য বিষয় হবে—রুম থেকে বের হওয়ার সময় লাইট, ফ্যান ও এসি বন্ধ করা এবং ফ্রিজ থেকে পানি নেওয়ার পর দরজা বন্ধ করা।
২০২০ সালে প্রথম স্বামী হারুনুর রশীদ অপুর সঙ্গে বিচ্ছেদ হয় শবনম ফারিয়ার। এরপর দীর্ঘ পাঁচ বছর পর ২০২৫ সালের ১৯ সেপ্টেম্বর তানজিম তৈয়বের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি।
তানজিম অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব সাউথ ওয়েলস থেকে ফিন্যান্সিয়াল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। বর্তমানে তিনি একটি বেসরকারি ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত।

























