দখল ও দূষণে নাব্যতা হারিয়ে অস্তিত্ব সংকটে কাঁচামাটিয়া নদী
- আপডেট সময় : ১২:৫৪:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
- / ১৫৪১ বার পড়া হয়েছে
দখল ও দূষণে নাব্যতা হারিয়ে অস্তিত্ব সংকটে পড়েছে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের কাঁচামাটিয়া নদী। এক সময়ের খরস্রোতা এই নদীটি এখন বর্জ্যের ভাগাড়ে পরিণত হওয়ায় ছড়াচ্ছে তীব্র দুর্গন্ধ; ব্যবহারের যোগ্যতা হারিয়েছে নদীর পানি। তবে পৌর বর্জ্য অপসারণ ও নদী পুনঃখননে পানি উন্নয়ন বোর্ডকে চিঠি দেয়ার কথা জানিয়েছে স্থানীয় প্রশাসন।
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ ও নান্দাইল উপজেলার মধ্য দিয়ে বয়ে গেছে কাঁচামাটিয়া নদী। একসময় এই নদীকে কেন্দ্র করেই গড়ে উঠেছিল স্থানীয় হাট-বাজার ও জনপদ। নদীপথে চলতো ধান-পাটসহ বিভিন্ন পণ্য পরিবহনের জমজমাট ব্যবসা। কিন্তু সময়ের আবর্তনে দখল আর দূষণের করাল গ্রাসে নাব্যতা হারিয়ে নদীটি এখন মৃতপ্রায়।
ঐতিহ্যবাহী এই নদীর বর্তমান রূপ যেন এক উন্মুক্ত আবর্জনার ভাগাড়। পৌরসভার সব বর্জ্য ফেলা হচ্ছে নদীতে। ফলে পানি দূষিত হয়ে ছড়াচ্ছে তীব্র দুর্গন্ধ। একসময় যে নদীতে প্রচুর মাছ পাওয়া যেতো, এখন সেখানে মিলছে না কোনো জলজ প্রাণী। দূষণের কারণে নদীর পানি ব্যবহার করলেই দেখা দিচ্ছে চর্মরোগ, ব্যাহত হচ্ছে কৃষিকাজও।
নদীদূষণ রোধে পৌরসভার বর্জ্য ফেলার জন্য নতুন জমি অধিগ্রহণ করে ডাম্পিং স্টেশন অন্যত্র সরিয়ে নেয়ার পরিকল্পনার কথা জানালো পৌর কর্তৃপক্ষ।
এদিকে উপজেলা প্রশাসন জানিয়েছে, কাঁচামাটিয়া নদীকে দখলমুক্ত করতে সীমানা নির্ধারণের মাধ্যমে শিগগিরই উচ্ছেদ অভিযান চালানো হবে। পাশাপাশি নদীটি পুনঃখননের জন্য পানি উন্নয়ন বোর্ডকে চিঠিও দেয়া হয়েছে।
শুধু কাগজে-কলমে আশ্বাস নয়, কাঁচামাটিয়া নদীর প্রাকৃতিক ভারসাম্য ও জীববৈচিত্র্য রক্ষায় প্রশাসন দ্রুত খনন ও স্থায়ী উচ্ছেদ কাজ শুরু করবে- এমনটাই প্রত্যাশা ঈশ্বরগঞ্জবাসীর।






















