তলুইগাছা সীমান্তে চোরাকারবারিদের লক্ষ্য করে বিজিবির ফাঁকা গুলি
- আপডেট সময় : ০১:৩৫:০২ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬
- / ১৫৩৬ বার পড়া হয়েছে
সাতক্ষীরার তলুইগাছা সীমান্তে ভারতীয় চোরাকারবারিদের লক্ষ্য করে গুলি ছুড়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে সীমান্তরক্ষী বাহিনী।রোববার সদর উপজেলার তলুইগাছা সীমান্তে এ ঘটনা ঘটে।বিষয়টি নিশ্চিত করেছেন সাতক্ষীরা-৩৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান।
তিনি বলেন, তলুইগাছা বিওপির একটি নিয়মিত রাত্রিকালীন টহল দল সীমান্তের মেইন পিলার-১৩ সংলগ্ন বাংলাদেশের অভ্যন্তরে সন্দেহজনক লোকজনের চলাচল ও কথাবার্তার শব্দ পেয়ে ঘটনাস্থলের দিকে এগিয়ে যায়। পরে শূন্য লাইন থেকে প্রায় ৫০ গজ বাংলাদেশের ভেতরে চারাবাড়ি এলাকায় দু’জন অজ্ঞাত ব্যক্তিকে সন্দেহজনকভাবে অবস্থান করতে দেখা যায়। তিনি আরও বলেন, তাদের উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তিরা দ্রুত সরে গিয়ে ভারতের দিকে পালানোর চেষ্টা করলে টহল দল তাদের থেমে পরিচয় দিতে এবং আত্মসমর্পণের নির্দেশ দেয়। কিন্তু তারা নির্দেশ অমান্য করে পালানোর চেষ্টা চালায়। বিজিবি অধিনায়ক জানান, এ অবস্থায় তাদের ধাওয়া করে নিরাপত্তার স্বার্থে ভীতি প্রদর্শন ও গতিরোধের উদ্দেশ্যে গুলি ছোড়ে বিজিবি।
ঘটনার পর বিজিবি ঘটনাস্থল ও আশপাশের এলাকায় তল্লাশি চালালেও কাউকে আটক করা যায়নি।


























