জুলাই হত্যা মামলায় শামীম ওসমানের বিচার শুরুর আদেশ আজ
- আপডেট সময় : ০১:৩৩:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
জুলাই গণঅভ্যুত্থানে নারায়ণগঞ্জে ১০ জনকে হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক এমপি শামীম ওসমানসহ ১২ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে আজ আদেশ দেবেন ট্রাইব্যুনাল।
গত ২৩ এপ্রিল আসামিদের অব্যাহতি চেয়ে শুনানি শেষ করেন আইনজীবী মো. আলী হায়দার, শেখ মুস্তাভী হাসান ও আমির হোসেন। আসামিরা পলাতক থাকায় সরকারি খরচে নিয়োগ পেয়ে আইনি লড়াই করছেন তারা। রাজনৈতিক কারণে এ মামলায় শামীম ওসমানসহ ১২ জনকে আসামি করা হয়েছে বলে দাবি এই আইনজীবীদের। তারা জানান, মক্কেলদের বিরুদ্ধে প্রাথমিক কোনো অভিযোগ আনতে পারেনি প্রসিকিউশন। এজন্য তাদের অব্যাহতি চাওয়া হয়। প্রসিকিউশন থেকে আইনজীবী আলী হায়দারের ডিসচার্জ আবেদন নিয়ে আপত্তি জানানো হয়। উভয়পক্ষের শুনানি শেষে আনুষ্ঠানিক অভিযোগ বিষয়ে আদেশের জন্য আজকের দিন নির্ধারণ করেন চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ ।
























