জুলাই আন্দোলনে কার্নিশে ঝুলন্ত তরুণসহ ২ জনকে হত্যার ঘটনায় তিন পুলিশের মৃত্যুদণ্ড
- আপডেট সময় : ০২:৩৬:০৩ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
- / ১৫২৭ বার পড়া হয়েছে
জুলাই আন্দোলনের সময় রাজধানীর রামপুরায় ভবনের কার্নিশে ঝুলে থাকা এক তরুণকে গুলি করাসহ দুজনকে হত্যা মামলায় ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ তিন পুলিশ সদস্যেকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
রোববার বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই রায় ঘোষণা করেন।
রায়ে তিন পুলিশ সদস্যের মৃত্যুদণ্ডের পাশাপাশি একজনের যাবজ্জীবন ও আরেকজনের ২০ বছরের জেল দেয়া হয়েছে।বিটিভিসহ সামাজিক যোগাযোগমাধ্যমে এ রায় সরাসরি সম্প্রচার করা হয়। এ নিয়ে জুলাই আন্দোলনে মানবতারবিরোধী অপরাধের মামলায় পঞ্চম রায় ঘোষণা করল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।এ মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, খিলগাঁও জোনের সাবেক এডিসি রাশেদুল ইসলাম এবং রামপুরা থানার সাবেক ওসি মশিউর রহমানসহ আসামি মোট ৫ জন। এদের মধ্যে একমাত্র গ্রেপ্তার এএসআই চঞ্চল চন্দ্র সরকার।মামলায় আসামিদের বিরুদ্ধে ২০২৪ সালের ১৯ জুলাই রামপুরার দক্ষিণ বনশ্রী এলাকায় ভবনের কার্নিশে ঝুলে থাকা যুবক আমির হোসেনকে গুলি; পুলিশের ছোড়া গুলিতে বনশ্রীতে শিশু বাসিত খান মুসার মাথা ভেদ করে তার দাদি মায়া ইসলামের মৃত্যু এবং নাদিম নামে আরও এক ব্যক্তিকে হত্যার অভিযোগ আনা হয়।

























