জাতিসংঘের শীর্ষ পদে আমিরাতের চমক: মহাসচিব হওয়ার দৌড়ে লানা
- আপডেট সময় : ১২:৪৮:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
- / ১৫৪৪ বার পড়া হয়েছে
জাতিসংঘের পরবর্তী মহাসচিব নির্বাচনের দৌড়ে বড় চমক হিসেবে লানা নুসেইবেহকে আনুষ্ঠানিকভাবে প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)।
পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী এবং জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়নে আমিরাতের দূত হিসেবে দায়িত্ব পালন করা এই কূটনৈতিককে আবুধাবি জাতিসংঘের সর্বোচ্চ পদের জন্য নির্বাচিত করেছে।
নিরাপত্তা পরিষদে টানা ছয় দফা প্রাথমিক ভোটাভুটির পরও পাঁচ স্থায়ী সদস্যের (যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, যুক্তরাজ্য ও ফ্রান্স) কাছে সার্বজনীন গ্রহণযোগ্য কোনো প্রার্থী না পাওয়ায় তৈরি হওয়া জটিলতার প্রেক্ষাপটে এই পদক্ষেপ নিলো আমিরাত। বিশ্ব কূটনীতিতে নুসেইবেহর এই প্রার্থিতাকে চরম তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা।
আন্তর্জাতিক বার্তা সংস্থা আনাদোলু জানায়, বুধবার (২১ অক্টোবর) আরব আমিরাত সরকার আনুষ্ঠানিকভাবে মনোনয়ন প্রদান করার পরপরই লানা নুসেইবেহ মহাসচিব পদের লড়াইয়ে অংশ নেওয়ার ঘোষণা দেন।
ইউএই প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান জাতিসংঘের সাধারণ পরিষদ ও নিরাপত্তা পরিষদের সভাপতিদের কাছে চিঠি পাঠিয়ে তার প্রার্থিতার বিষয়টি চূড়ান্ত করেছেন।
প্রার্থিতা পাওয়ার পর এক বিবৃতিতে লানা নুসেইবেহ বলেন, “আমার পেশাগত জীবনের বড় একটি অংশ কেটেছে জাতিসংঘের নীতি ও কার্যক্রমের সঙ্গে সরাসরি যুক্ত থেকে।
দৃঢ়প্রতিজ্ঞ কূটনীতি কীভাবে অর্জন এনে দিতে পারে তা আমি যেমন দেখেছি, ঠিক তেমনি কূটনীতি ব্যর্থ হলে তার করুণ পরিণতি কী হয় তাও প্রত্যক্ষ করেছি। প্রত্যাশা ও বাস্তবতার মধ্যকার ব্যবধান কমলেই কেবল সাধারণ মানুষের আস্থা ফেরানো সম্ভব।”
নির্বাচনি প্রচারণায় মনোযোগ দিতে ইতিমধ্যে আমিরাত সরকারের নিজ পদ থেকে সাময়িক ছুটি নিয়েছেন অভিজ্ঞ এই নারী কূটনীতিক। আগামী ৩১ ডিসেম্বর বর্তমান মহাসচিব আন্তোনিও গুতেরেসের দ্বিতীয় মেয়াদের মেয়াদ শেষ হতে যাচ্ছে।
পরবর্তী মহাসচিব বাছাইয়ের এই দৌড়ে লানা নুসেইবেহর নাম যুক্ত হওয়ায় জাতিসংঘের শীর্ষ পদে নতুন মেরুকরণের সম্ভাবনা দেখা দিয়েছে।




















