চিকিৎসাধীন রুপার সঙ্গে দেখা করতে পারবে দুই সন্তান
- আপডেট সময় : ০৪:৩০:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
- / ১৫৩৬ বার পড়া হয়েছে
মানবতাবিরোধী অপরাধের মামলায় কারাগারে থাকা একাত্তর টেলিভিশনের সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রুপার সঙ্গে তার দুই সন্তানকে দেখা করার অনুমতি দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ অনুমতি দেন। প্যানেলের অন্য সদস্যরা হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
ফারজানা রুপার আইনজীবী সিফাত মাহমুদ শুভ অসুস্থ মায়ের সঙ্গে সন্তানদের সাক্ষাতের অনুমতি চেয়ে ট্রাইব্যুনালে আবেদন করেন। শুনানিতে তিনি জানান, কারাগারে অসুস্থ হয়ে গত ৩০ আগস্ট থেকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) চিকিৎসাধীন রয়েছেন ফারজানা রুপা। তার এক ছেলে ও এক মেয়ে মায়ের সঙ্গে দেখা করতে চায়।
আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল তাদের হাসপাতালে গিয়ে মায়ের সঙ্গে সাক্ষাতের অনুমতি দেন।
বিএমইউতে চিকিৎসাধীন ফারজানা রুপা
জানা গেছে, গত ৩০ আগস্ট সন্ধ্যায় মুন্সীগঞ্জ জেলা কারাগারে শারীরিক অসুস্থতা দেখা দিলে ফারজানা রুপাকে বিএমইউতে ভর্তি করা হয়। কারাগারে থাকা অবস্থায় তিনি বেশ কিছু শারীরিক জটিলতায় ভুগছিলেন। বর্তমানে হাসপাতালের প্রিজন সেলে তার চিকিৎসা চলছে।
মামলার শুনানি
এদিন রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের মহাসমাবেশে গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলার শুনানি হওয়ার কথা ছিল।
এই মামলায় মোট ৪১ জন আসামির মধ্যে ১১ জন গ্রেপ্তার রয়েছেন। অসুস্থতার কারণে ফারজানা রুপা ট্রাইব্যুনালে উপস্থিত হতে পারেননি। তবে অন্য ১০ আসামি শুনানিতে উপস্থিত ছিলেন।
ট্রাইব্যুনালের অনুমতির ফলে এখন ফারজানা রুপার দুই সন্তান হাসপাতালে গিয়ে চিকিৎসাধীন মায়ের সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন।
























