গাইবান্ধা শহরজুড়ে বেড়েছে বেওয়ারিশ কুকুরের উপদ্রব
- আপডেট সময় : ১২:১৫:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
- / ১৫৫০ বার পড়া হয়েছে
গাইবান্ধা শহরজুড়ে বেওয়ারিশ কুকুরের উপদ্রব ভয়াবহ আকার নিয়েছে। দলবদ্ধ কুকুরের কামড়ে ইতিমধ্যে প্রাণ হারিয়েছেন পাঁচজন। শিশু ও বৃদ্ধদের নিরাপত্তা নিয়ে চরম উৎকণ্ঠায় জেলাবাসী। হাসপাতালগুলোতে বাড়ছে আক্রান্ত রোগীর সংখ্যা। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিকাদানের দাবি জানালেও পৌর কর্তৃপক্ষের কার্যক্রমে সন্তুষ্ট নন স্থানীয়রা।
গাইবান্ধা শহরের অলিগলি এখন যেন কুকুরের দখলে। পুরাতন বাজার থেকে হাসপাতাল সড়ক—সবখানেই দলবদ্ধ কুকুরের বিচরণ। তবে এই বিচরণ এখন আর কেবল দৃশ্যমান নয়, হয়ে উঠেছে প্রাণঘাতী। কুকুরের আক্রমণে ইতিমধ্যে জেলায় পাঁচজনের মৃত্যু হয়েছে। এমন পরিস্থিতিতে আতঙ্কে দিন কাটছে সাধারণ মানুষের।
সবচেয়ে বেশি ঝুঁকিতে আছে শিশু ও বৃদ্ধরা। সন্ধ্যার পর জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হওয়াও এখন দায়। সন্তানদের একা স্কুলে বা বাইরে পাঠাতে সাহস পাচ্ছেন না অভিভাবকরা। পথচারীদের অভিযোগ, কোনো উসকানি ছাড়াই হঠাৎ তেড়ে এসে কামড়ে দিচ্ছে এসব বেওয়ারিশ কুকুর।
জেলা হাসপাতালের তথ্য বলছে, প্রতিদিন কুকুরের কামড়ে আক্রান্ত হয়ে অসংখ্য রোগী চিকিৎসা নিতে আসছেন। তবে সময়মতো টিকা না নেওয়া এবং অসচেতনতার কারণে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি।
এদিকে জনরোষের মুখে পৌর কর্তৃপক্ষ বলছে, কুকুর নিয়ন্ত্রণে তারা কাজ শুরু করেছে। জলাতঙ্ক রোধে টিকাদান ও জনসচেতনতা বৃদ্ধির ওপর জোর দিচ্ছে প্রশাসন।
প্রাণহানির ঘটনায় গাইবান্ধাজুড়ে বিরাজ করছে আতঙ্ক। কেবল আশ্বাস নয়, জীবন বাঁচাতে দ্রুত কার্যকর পদক্ষেপ চায় জেলাবাসী।
























