কুষ্টিয়ায় ধারণক্ষমতার চেয়ে কয়েক গুণ বেশি অটোরিকশা ও ত্রিচক্রযান
- আপডেট সময় : ১২:০০:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬
- / ১৫৫৩ বার পড়া হয়েছে
কুষ্টিয়া পৌর এলাকায় ধারণক্ষমতার চেয়ে কয়েক গুণ বেশি অটোরিকশা ও অবৈধ তিন চাকার যান চলাচল করায় তীব্র যানজটে নাকাল হচ্ছেন সাধারণ মানুষ। ছোট এই শহরে ট্রাফিক নিয়ন্ত্রণ করতে রীতিমতো হিমশিম খাচ্ছে পুলিশ। তবে পৌর কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছে, শহরের শৃঙ্খলা ফেরাতে খুব দ্রুতই অবৈধ অটোরিকশার বিরুদ্ধে কঠোর অভিযানে নামছেন তারা।
কুষ্টিয়া শহরের প্রধান প্রধান সড়কগুলোর চেনা রূপ এখন এমনই তীব্র যানজটের। শত শত অটোরিকশা ঠাসাঠাসি করে দাঁড়িয়ে থাকায় পথচারীদের হেঁটে চলার জায়গাটুকুও অবশিষ্ট নেই। সংস্কৃতির রাজধানী হিসেবে পরিচিত ঐতিহ্যবাহী এই কুষ্টিয়া শহরটি এখন যেন রূপ নিয়েছে তীব্র যানজটের শহরে। মাত্র চার কিলোমিটারের এই ছোট্ট পৌর এলাকায় প্রতিদিন জেলা ও উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে এসে চলাচল করছে প্রায় ১০ হাজার অটোরিকশা।
শহরের ধারণক্ষমতার বাইরে অতিরিক্ত এই অটোরিকশার চাপে গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে জনদুর্ভোগ। পৌরবাসীসহ বৈধ লাইসেন্সধারী অটোচালকদের দাবি, শহরকে যানজটমুক্ত করতে হলে বহিরাগত ও লাইসেন্সবিহীন অবৈধ অটোরিকশা চলাচল অবিলম্বে বন্ধ করতে হবে।
সড়কে যত্রতত্র অটোরিকশা পার্কিং ও আইন না মানার এই বাড়তি চাপ সামলাতে প্রতিনিয়ত হিমশিম খেতে হচ্ছে ট্রাফিক পুলিশ সদস্যদের। তবুও শহরের ট্রাফিক ব্যবস্থা সচল রাখতে তারা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানান সংশ্লিষ্টরা।
জনগণের এই চরম ভোগান্তির কথা স্বীকার করেছে পৌর কর্তৃপক্ষও। তবে অবৈধ ও অনিয়ন্ত্রিত অটোরিকশার বিরুদ্ধে খুব শীঘ্রই কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন পৌরসভার এই কর্মকর্তা।
পৌর কর্তৃপক্ষ জানায়, শুধু অভিযানই নয়, শহরকে দীর্ঘমেয়াদে সচল রাখতে একটি পরিকল্পিত ট্রাফিক মাস্টারপ্ল্যানের কথা ভাবা হচ্ছে। প্রশাসন ও পৌরসভা দ্রুত সমন্বিত উদ্যোগ নিলে তবেই স্বস্তি ফিরবে কুষ্টিয়াবাসীর জীবনে।
কুষ্টিয়া পৌরবাসীর দাবি, শুধু অভিযান বা আশ্বাস নয়, কুষ্টিয়া শহরকে সচল রাখতে প্রয়োজন একটি দীর্ঘমেয়াদি ও পরিকল্পিত ট্রাফিক মাস্টারপ্ল্যান।























