কুমিল্লায় ডিবির অভিযানে চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
- আপডেট সময় : ০৫:০৪:০২ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬
- / ১৫৫৯ বার পড়া হয়েছে
কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি এলাকায় অভিযান চালিয়ে চোরাচালান চক্রের নয় সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ছয়টি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল জব্দ করা হয়।
ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২২ আগস্ট) দিবাগত রাত ২টা ২৫ মিনিটের দিকে বুড়িচং থানার ময়নামতি এলাকার কাটা জঙ্গল সাকিনে বিদ্যুৎ অফিসের সামনে সিলেট-কুমিল্লা মহাসড়কে অভিযান চালায় ডিবির একটি বিশেষ দল। এ সময় ছয়টি মোটরসাইকেলে করে নয়জন সেখানে পৌঁছালে পুলিশ তাদের থামার সংকেত দেয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পরে মোটরসাইকেলগুলোর কাগজপত্র যাচাই করে কোনো বৈধ রেজিস্ট্রেশন বা মালিকানাসংক্রান্ত নথি পাওয়া যায়নি। ডিবির দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা পরস্পর যোগসাজশে সিলেটের সীমান্তবর্তী এলাকা দিয়ে ভারত থেকে সরকারি শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে মোটরসাইকেল এনে দেশের বিভিন্ন এলাকায় বিক্রির উদ্দেশ্যে পরিবহনের কথা স্বীকার করেছেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—সিলেটের গোয়াইনঘাটের কামিম আহম্মদ (২৮), আঃ করিম (৩০), সুনামগঞ্জের সাইদুল ইসলাম (২২), সিলেটের পাবেল আহম্মদ (২৬), হোসাইন (২৩), সুনামগঞ্জের রিপন চন্দ্র দাস (২৯), সিলেটের রাজু আহম্মদ (২৮), সুনামগঞ্জের আবিদুল ইসলাম (২৮) এবং সিলেটের কাওছার হোসেন (২৬)।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।




















