এশিয়ান গেমসে কোচ হচ্ছেন সালাউদ্দিন-তালহা
- আপডেট সময় : ০১:৩৩:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
- / ১৫২২ বার পড়া হয়েছে
বাংলাদেশ ক্রিকেটে জাতীয় দলের ব্যস্ততা না থাকলেও ঘরোয়া ও আন্তর্জাতিক পর্যায়ে ব্যস্ততা রয়েছে। এবার ২০২৬ এশিয়ান গেমসের ক্রিকেটেও শক্তিশালী দল নিয়ে মাঠে নামছে বাংলাদেশ।
চলতি সেপ্টেম্বরেই জাপানের নাগোয়ায় বসবে এশিয়ান গেমসের আসর। সেখানে ক্রিকেটের সব ম্যাচ হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। বাংলাদেশ দল সরাসরি নকআউট পর্বে খেলবে। পাশাপাশি সোনা জয়ের লক্ষ্য নিয়েই দল সাজাচ্ছে বাংলাদেশ।
এবার দলের কোচিং প্যানেলেও থাকছে অভিজ্ঞতা। প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন মোহাম্মদ সালাউদ্দিন। অন্যদিকে, সহকারী কোচ হিসেবে থাকবেন তালহা জুবায়ের। ফিল্ডিং কোচ হিসেবে থাকবেন মোহাম্মদ আশিক।
এ ছাড়া টিম ম্যানেজার হিসেবে দলের সঙ্গে থাকবেন নাফিস ইকবাল। ফিজিও হিসেবে থাকবেন বায়েজেদুল ইসলাম। বিসিবির এক কর্মকর্তা ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এশিয়ান গেমসের বাংলাদেশ দল প্রায় জাতীয় দলের আদলেই গঠন করা হচ্ছে। অধিনায়ক হিসেবে তাওহীদ হৃদয় কিংবা লিটন দাসের মধ্যে একজনকে দেখা যেতে পারে।
দলে আরও থাকছেন মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাকলাইন, সাইফ হাসান, পারভেজ ইমন, তানজিদ তামিম, রিশাদ হোসেন ও রিপন মন্ডল। ফলে এবারের এশিয়ান গেমসে বাংলাদেশের দলটি বেশ শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে।
পুরুষ বিভাগে এবার মোট ১০টি দল অংশ নেবে। এর মধ্যে বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা সরাসরি নকআউট পর্বে খেলবে। অন্যদিকে আফগানিস্তান, হংকং, জাপান, মালয়েশিয়া, নেপাল ও ওমানকে প্রথম ধাপ পেরিয়ে মূল পর্বে উঠতে হবে।
প্রথম রাউন্ডের ‘এ’ গ্রুপে রয়েছে আফগানিস্তান, জাপান ও নেপাল। অন্যদিকে ‘বি’ গ্রুপে খেলবে হংকং, মালয়েশিয়া ও ওমান।
দুই গ্রুপের সেরা দুটি করে দল নকআউট পর্বে উঠবে। সেখানে তারা বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার সঙ্গে লড়াই করবে।
পুরুষদের ক্রিকেট প্রতিযোগিতা শুরু হবে ২৪ সেপ্টেম্বর। এরপর ১ অক্টোবর ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে এশিয়ান গেমসের ক্রিকেট আয়োজন।





















