ঈদুল আজহাকে সামনে রেখে খুলনায় শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পন্ন
- আপডেট সময় : ০২:০৯:০৯ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬
- / ১৫৪০ বার পড়া হয়েছে
পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে খুলনায় শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা প্রশাসন, সিটি কর্পোরেশন ও আইন-শৃঙ্খলা বাহিনী। এবার ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে নগরীর সার্কিট হাউজ ময়দানে সকাল ৭টায়। আবহাওয়া প্রতিকূল হলে বিকল্পভাবে জামাত অনুষ্ঠিত হবে টাউন জামে মসজিদে।
খুলনা জেলা প্রশাসন ও সিটি কর্পোরেশনের উর্ধতন কর্মকর্তারা মঙ্গলবার সকালে যান সার্কিট হাউজ ময়দান পরিদর্শনে। এসময় ঈদকে সামনে রেখে নেয়া সার্বিক প্রস্তুতির বিভিন্ন দিক তুলে ধরেন তারা।
সার্কিট হাউজ ময়দানে ছেলেদের পাশাপাশি নারীদের জন্য পৃথকভাবে রাখা হয়েছে নামাজ আদায়ের ব্যবস্থা। একইসঙ্গে নগরীর বিভিন্ন ওয়ার্ডে নির্মাণ করা হয়েছে অস্থায়ী প্যান্ডেল।
খুলনা সিটি কর্পোরেশন জানিয়েছে, কোরবানির বর্জ্য দ্রুত অপসারণে নগরীতে ১৪০টি স্থান নির্ধারণ করা হয়েছে। বিতরণ করা হয়েছে ১০ হাজার বিশেষ বর্জ্য ব্যাগ। কেসিসির দাবি, কোরবানীর পর দুপুর থেকে রাত ১০টার মধ্যেই নগরীর সব বর্জ্য অপসারণ করা হবে।
খুলনা মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, ঈদের জামাতকে কেন্দ্র করে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। ইউনিফর্মধারী পুলিশের পাশাপাশি মাঠে থাকবে সাদা পোশাকের গোয়েন্দা সদস্যরাও।
রেব-সিক্স জানিয়েছে, বিভাগের ১২৭টি পশুর হাটে চলছে বিশেষ নজরদারি। জাল টাকা শনাক্তকারী যন্ত্রসহ টহল টিম সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে।
এদিকে, ঈদগাঁ মাঠ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার মোঃ আব্দুল্লাহ হারুন, কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম, মহানগর বিএনপি সভাপতি অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা এবং বিভাগীয় ও জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দসহ গণমাধ্যম কর্মীরা।

























