ইয়ামালসহ ৫ জনকে অধিনায়ক নির্বাচন করল বার্সেলোনা
- আপডেট সময় : ০১:০৫:৫৩ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
- / ১৫৪৬ বার পড়া হয়েছে
২০২৬-২৭ মৌসুমের শুরুতেই বার্সেলোনার নেতৃত্ব কাঠামোয় এসেছে পরিবর্তন। দলের পাঁচ ফুটবলারকে অধিনায়ক হিসেবে বেছে নিয়েছে কাতালান ক্লাবটি। সবচেয়ে বড় চমক ১৯ বছর বয়সী লামিনে ইয়ামালের অন্তর্ভুক্তি।
লা লিগায় ইতোমধ্যে তিনটি ম্যাচ খেলেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বার্সেলোনা। সামনে রয়েছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ব্যস্ততা। এর মধ্যেই দলের নেতৃত্বের বিষয়টি চূড়ান্ত করেছে কোচ হ্যান্সি ফ্লিকের দল।
স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মুন্দো দিপোর্তিভো’র প্রতিবেদনে বলা হয়েছে, রাফিনহা ও পেদ্রিকে প্রথম ও দ্বিতীয় অধিনায়ক হিসেবে দায়িত্ব দিয়েছেন ফ্লিক। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনহাকে বিশেষভাবে কোচের আস্থাভাজন হিসেবে বিবেচনা করা হয়।
হুয়ান গাম্পার ট্রফির আগে ফ্লিক ব্যক্তিগতভাবে রাফিনহা, পেদ্রি ও এরিক গার্সিয়াকে নেতৃত্বের দায়িত্বের জন্য বেছে নেন। পরে ভোটাভুটির মাধ্যমে আরও তিনজনের মধ্যে থেকে এরিক গার্সিয়া, ফ্রেঙ্কি ডি ইয়ং ও লামিনে ইয়ামাল অধিনায়ক দলের সদস্য হন।
এরিক গার্সিয়ার নেতৃত্বে আসাটা খুব একটা বিস্ময়কর নয়। শৃঙ্খলা ও দায়িত্বশীলতার জন্য তিনি কোচ এবং সতীর্থদের আস্থা অর্জন করেছেন। গত দুই মৌসুমে ফ্লিকের অধীনে তার নেতৃত্বের গুণও আরও স্পষ্ট হয়েছে।
ফ্রেঙ্কি ডি ইয়ংয়ের ক্ষেত্রেও সিদ্ধান্তটি ছিল প্রত্যাশিত। নেদারল্যান্ডসের এই মিডফিল্ডার এর আগেও বার্সেলোনাকে নেতৃত্ব দিয়েছেন। ড্রেসিংরুমে সতীর্থদের কাছেও তার যথেষ্ট গ্রহণযোগ্যতা রয়েছে। আন্দ্রে টের স্টেগানের বিদায়ের পর দলের অন্যতম অভিজ্ঞ খেলোয়াড়ও তিনি।
তবে পাঁচ অধিনায়কের তালিকায় সবচেয়ে বেশি আলোচনার জন্ম দিয়েছে ইয়ামালের নাম। মাত্র ১৯ বছর বয়সেই বার্সেলোনার নেতৃত্বের তালিকায় জায়গা করে নিয়েছেন এই স্প্যানিশ ফরোয়ার্ড। মাঠে তার পারফরম্যান্স ও দলের ওপর প্রভাব ইতোমধ্যে তাকে গুরুত্বপূর্ণ খেলোয়াড়ে পরিণত করেছে।
বার্সেলোনার নেতৃত্বের এই নতুন কাঠামো সামনে রেখে রোববার ভ্যালেন্সিয়ার বিপক্ষে লা লিগার চতুর্থ ম্যাচে নামবে দলটি। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে অধিনায়কদের ভূমিকা নিয়ে ফ্লিক বিস্তারিত কথা বলতে পারেন।























