আন্তর্জাতিক বাজারের সাথে সমন্বয় করতেই জ্বালানি তেলের দাম বৃদ্ধি করা হয়েছে : তথ্যমন্ত্রী
- আপডেট সময় : ০৮:২২:৫০ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬
- / ১৫২২ বার পড়া হয়েছে
ঈদের ছুটি শেষে প্রথম কর্মদিবসেই সচিবালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন সরকারের দুই মন্ত্রী। জ্বালানি তেলের দাম বৃদ্ধি প্রসঙ্গে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন জানিয়েছেন, আন্তর্জাতিক বাজারের সাথে সমন্বয় করতেই লিটারপ্রতি ৫ টাকা বাড়ানো হয়েছে অকটেন, পেট্রল ও কেরোসিনের দাম। অন্যদিকে, মগবাজারের আদ্-দ্বীন হাসপাতালে ছয় শিশুর মৃত্যুর ঘটনায় তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত।
ঈদের ছুটির পর সচিবালয়ে প্রথম কর্মদিবসের ব্যস্ততা। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজনৈতিক ও সমসাময়িক নানা বিষয়ে কথা বলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। সেখানে স্বাভাবিকভাবেই উঠে আসে অকটেন, পেট্রল ও কেরোসিনের দাম লিটারপ্রতি আরও ৫ টাকা বাড়ানোর সাম্প্রতিক সিদ্ধান্তটি।
বারবার জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী জানান, আন্তর্জাতিক বাজারে তেলের দামের ঊর্ধ্বগতির প্রভাব বিবেচনা করেই এই সমন্বয়। হুট করে নয়, বরং সংশ্লিষ্ট কমিটিগুলোর সুপারিশের ভিত্তিতেই সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।
জ্বালানি তেলের দাম বৃদ্ধির এই আলোচনার মাঝেই, সচিবালয়ের অন্য এক মতবিনিময় সভায় উঠে আসে মগবাজারের আদ্-দ্বীন হাসপাতালে একসাথে ছয় শিশুর মৃত্যুর অত্যন্ত স্পর্শকাতর ও মর্মান্তিক বিষয়টি।
ঘটনাটির প্রকৃত কারণ উদ্ঘাটনে স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তর পৃথকভাবে তদন্ত করছে জানিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত বলেন, আগামী তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। ইতোমধ্যে এই ঘটনায় একটি মামলাও হয়েছে।
এদিকে শিশুটির ময়নাতদন্ত না হওয়া প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী জানান, মৃত্যুর সঠিক কারণ জানতে সরকারের পক্ষ থেকে ময়নাতদন্তের চেষ্টা করা হলেও, পরিবারের সদস্যরা এতে সম্মতি দেননি।



















