আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন চ্যালেঞ্জ করে রিট মামলা
- আপডেট সময় : ০৪:৪৬:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬
- / ১৫৫৫ বার পড়া হয়েছে
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটি আইনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট আবেদন করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মুহাম্মদ মহসিন রশিদ। রিট আবেদনে আইনটিকে ‘অবৈধ’ দাবি করে এই ট্রাইব্যুনালকে ‘জুডিশিয়াল মার্ডারের ইন্সট্রুমেন্ট’ বা বিচারিক হত্যার হাতিয়ার হিসেবে বর্ণনা করা হয়েছে। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিবকে এই রিট আবেদনে বিবাদী করা হয়েছে।
রিট আবেদনটি এরই মধ্যে বিচারপতি খিজির হায়াতের নেতৃত্বাধীন হাই কোর্ট বেঞ্চে শুনানির জন্য উপস্থাপন করা হয়েছে। এখনও শুনানির দিন ঠিক হয়নি। রিট আবেদনের আরজি প্রসঙ্গে জানতে চাইলে এই আইনজীবী মুহাম্মদ মহসিন রশিদ বলেন, “বিদ্যমান আইসিটি আইনটি অবৈধ। এর কোনো উদ্দেশ্য ছিল না। এর একটাই পারপাস ছিল, আর তা হলো—২০০৯ সালে একে সংশোধন ও ব্যবহার করে জুডিশিয়াল মার্ডার করা হয়েছে। আইসিটি আইনে আনা সাম্প্রতিক সংশোধনীর সমালোচনা করে তিনি বলেন, “২০২৪ সালে আবার এতে অ্যামেন্ডমেন্ট এনে একে জুডিশিয়াল মার্ডারের হাতিয়ার করা হয়েছে। এটি এমন এক ট্রাইব্যুনাল, যা মানুষকে বিচারিক প্রক্রিয়ায় হত্যা করে। এ জন্য এটি বন্ধ হওয়া উচিত।

























