হরমুজ প্রণালীতে ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে আরব আমিরাতের ট্যাংকার বিধ্বস্ত
- আপডেট সময় : ০৯:২৪:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
- / ১৫৫৪ বার পড়া হয়েছে
ওমানের জলসীমায় হরমুজ প্রণালীর দক্ষিণ নৌপথ দিয়ে যাওয়ার সময় ইরানের ক্রুজ ক্ষেপণাস্ত্রের আঘাতে দুটি সংযুক্ত আরব আমিরাতের ট্যাংকার বিধ্বস্ত হয়েছে। এতে একজন নাবিক নিহত এবং চারজনের অবস্থা গুরুতরসহ আরও আটজন আহত হয়েছেন। ভোরে হামলার এ ঘটনা ঘটে। সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এসব তথ্য জানিয়েছে।
মন্ত্রণালয় জাহাজ দুটিকে মোম্বাসা এবং আল বাহিয়াহ হিসেবে শনাক্ত করেছে এবং জানিয়েছে যে নিহত ব্যক্তি মোম্বাসা জাহাজের একজন ভারতীয় নাবিক ছিলেন। আহতদের মধ্যে ছয়জন ভারতীয় এবং দুজন ইউক্রেনীয় নাগরিক রয়েছেন। এতে বলা হয়েছে, জাহাজে আগুন লাগার পর উভয় ট্যাংকারেরই বস্তুগত ক্ষতি হয়েছে এবং আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। মন্ত্রণালয় এই ঘটনাকে আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন এবং আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য গুরুতর হুমকি হিসেবে নিন্দা জানিয়েছে। তারা বলেছে, সংযুক্ত আরব আমিরাত তার সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং জাতীয় স্বার্থ রক্ষার জন্য জবাব দেয়ার এবং সমস্ত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অধিকার সংরক্ষণ করে। এর পাশাপাশি, ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনস ইউকেএমটিও সংস্থা জানিয়েছে যে, ওমানের কালহাত থেকে প্রায় ৪০ নটিক্যাল মাইল উত্তর-পূর্বে একটি ট্যাংকারের ডান পাশের ইঞ্জিন রুমে একটি অজ্ঞাত বস্তুকণার আঘাত হানার বিষয়ে তারা ট্যাংকারটির মাস্টারের কাছ থেকে একটি প্রতিবেদন পেয়েছে।























