স্ব-উদ্যেগে সড়ক সংস্কার প্রবাসীর, খুশি এলাকাবাসী
- আপডেট সময় : ০৪:০৭:০৮ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬
- / ১৫৪৫ বার পড়া হয়েছে
চলছে সড়ক সংস্কার। তাতে যোগ দিয়েছেন গ্রামের সকল বয়সী মানুষ। কেউ ইট এগিয়ে দিচ্ছেন আবার কেউবা হাতুড়ি দিয়ে ইট ভাঙছেন। এভাবেই স্বেচ্ছাশ্রমে সড়কটির ভাঙা অংশ সংস্কার করা হচ্ছে।
স্থানীয়রা জানায়,ঝিনাইদহ সদর উপজেলার নারিকেলবাড়িয়া বাজার থেকে কুশাবাড়িয়া বাজার পর্যন্ত প্রায় ২কিলোমিটার সড়কের বিভিন্ন জায়গায় ভেঙে একবারেই চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। একাধিক স্থানে খানাখন্দে ভরা সড়কে ভ্যান,অটোরিক্সা,মোটরসাইকেল সহ কোন যানবাহন চলার পরিবেশ নেই। ভাঙা সড়কে গ্রামের কৃষকদের কৃষিপণ্য বহন করতেও পেতে হয় বেগ। জেলা শহরে যাবার গুরুত্বপূর্ণ এ সড়কটির এমন বেহাল দশায় ভোগান্তির শেষ ছিলনা কয়েক গ্রামের মানুষের। মানুষের দূর্ভোগের খবর পেয়ে রাস্তাটি মেরামত করার উদ্যোগ নেন মালয়েশিয়া প্রবাসী আজিম হোসাইন। তিনি কুয়ালালামপুর শাখা যুবদল নেতা ও কুশাবাড়িয়া গ্রামের গোলাম নবী বিশ্বাসের সন্তান। তার অর্থায়নেই স্থানীয়রা ভাঙাচোরা রাস্তা সংস্কার করেন। এদিকে দীর্ঘদিন ধরে ভেঙে থাকা সড়কটি সংস্কার করায় খুশি সড়কে চলাচলকারীরা।
সড়কটি দিয়ে কুশাবাড়িয়া,মিয়াকুন্ডু, মাড়ুন্দী, মুক্তারামপুর, ধনঞ্জয়পুর, টিকারি, দহকোলা সহ প্রায় ২০ গ্রামের হাজার হাজার মানুষ যাতায়াত করে।


























