সালমান খানের বাড়ির সামনে দায়িত্ব পালনকালে পুলিশ কনস্টেবলের মৃত্যু
- আপডেট সময় : ০৫:৪৩:১৮ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬
- / ১৫৫০ বার পড়া হয়েছে
বলিউড তারকা সালমান খানের মুম্বাইয়ের বান্দ্রার বাসভবন ‘গ্যালাক্সি অ্যাপার্টমেন্টস’-এর সামনে নিরাপত্তার দায়িত্ব পালনকালে এক পুলিশ কনস্টেবলের আকস্মিক মৃত্যু হয়েছে।
শুক্রবার (৭ আগস্ট) সন্ধ্যায় কর্তব্যরত অবস্থায় অসুস্থ হয়ে পড়ার পর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। মৃত পুলিশ সদস্যের নাম গণেশ রায়তে। তার বয়স ৪১ বছর। তিনি মুম্বাই পুলিশের এলএ-৪ ইউনিটে কর্মরত ছিলেন।
পুলিশ সূত্রের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম এবিপি জানিয়েছে, শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে ‘গ্যালাক্সি অ্যাপার্টমেন্টস’-এর বাইরে দায়িত্ব পালন করছিলেন গণেশ। হঠাৎ অসুস্থ বোধ করলে তিনি সহকর্মীদের বিষয়টি জানান। পরে সহকর্মীরা দ্রুত তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
প্রাথমিকভাবে হৃদ্রোগে আক্রান্ত হয়ে গণেশের মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে তার মৃত্যুর সঠিক কারণ এখনো নিশ্চিত নয়। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।
গণেশ রায়তে মুম্বাই পুলিশে যোগ দেওয়ার আগে ভারতীয় সেনাবাহিনীতেও কর্মরত ছিলেন। উচ্চনিরাপত্তার একটি স্থানে দায়িত্ব পালনকালে তার আকস্মিক মৃত্যুতে সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
এদিকে, সালমান খানকে একাধিকবার হামলার হুমকি দেওয়ার পর বান্দ্রার ‘গ্যালাক্সি অ্যাপার্টমেন্টস’-এ নিরাপত্তা জোরদার করা হয়েছে। কনস্টেবল গণেশের মৃত্যুর ঘটনায় প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া শুরু করেছে মুম্বাই পুলিশ।


























