সাফের চার ফুটবলারকে বাদ দিয়ে এশিয়ান গেমসের দল ঘোষণা
- আপডেট সময় : ০৫:৪২:২০ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
- / ১৫৫০ বার পড়া হয়েছে
জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠেয় ২০তম এশিয়ান গেমস সামনে রেখে বাংলাদেশ নারী ফুটবল দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সোমবার (৩১ আগস্ট) ঘোষিত ২৩ সদস্যের দলে জায়গা পেয়েছেন এক নতুন মুখ। পাশাপাশি জাতীয় দলে ফিরেছেন তিন ফুটবলার। অন্যদিকে সর্বশেষ সাফ চ্যাম্পিয়নশিপের দল থেকে বাদ পড়েছেন চারজন।
এশিয়ান গেমসের মূল আসর ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত চলবে। তবে নারী ফুটবলের খেলা শুরু হবে ১৪ সেপ্টেম্বর। ঘোষিত দলে নতুন মুখ হিসেবে সুযোগ পেয়েছেন অর্পিতা বিশ্বাস। গত সাফ চ্যাম্পিয়নশিপে দলে থাকলেও কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি তিনি। এবার জাতীয় দলের হয়ে অভিষেকের অপেক্ষা ঘুচতে পারে তার।
এ ছাড়া এশিয়ান গেমস দিয়ে জাতীয় দলে ফিরেছেন মিডফিল্ডার মুনকি আক্তার। একই সঙ্গে দলে ফিরেছেন দুই ডিফেন্ডার আইরিন খাতুন ও নবীরণ খাতুন। তবে সর্বশেষ সাফের দল থেকে বাদ পড়েছেন সুরমা জান্নাত, হালিমা আক্তার, উমহেলা মারমা ও সৌরভী আকন্দ।
কঠিন গ্রুপে বাংলাদেশ
এশিয়ান গেমসে কঠিন গ্রুপে পড়েছে বাংলাদেশ। গ্রুপ পর্বে বাংলাদেশের প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া ও মিয়ানমার। ১৪ সেপ্টেম্বর উত্তর কোরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের অভিযান।
প্রস্তুতির অংশ হিসেবে সোমবার রাতে চীনের উদ্দেশে ঢাকা ছাড়বে বাংলাদেশ দল। সেখানে গুয়াংঝু এফসির বিপক্ষে ৭ ও ১০ সেপ্টেম্বর দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে তারা।
দল দেশ ছাড়ার আগে বাফুফে ভবনে সংবাদ সম্মেলনে কথা বলেন কোচ পিটার বাটলার। এশিয়ান গেমসে পদক জয়ের সম্ভাবনা নিয়ে বাস্তবসম্মত অবস্থানের কথা জানিয়েছেন তিনি। তবে চীনে প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগকে ইতিবাচক হিসেবে দেখছেন বাংলাদেশ কোচ।
এশিয়ান গেমসের বাংলাদেশ নারী ফুটবল দল
গোলরক্ষক: রুপনা চাকমা, স্বর্ণা রানী, মিলি আক্তার।
ডিফেন্ডার: শিউলি আজিম, শামসুন্নাহার সিনিয়র, আফঈদা খন্দকার, কোহাতি কিসকু, সুরভী আক্তার, অর্পিতা বিশ্বাস, উন্নতি খাতুন, আইরিন খাতুন, নবীরণ খাতুন।
মিডফিল্ডার: মনিকা চাকমা, মৌমিতা খাতুন, মারিয়া মান্দা, আনিকা রানিয়া, মুনকি আক্তার।
ফরোয়ার্ড: তহুরা খাতুন, ঋতুপর্ণ চাকমা, শাহেদা আক্তার, মোসাম্মত সাগরিকা, শামসুন্নাহার জুনিয়র ও মোসাম্মত সুলতানা।






















