শিশু রামিসা হত্যা মামলার শুনানিতে নিজেদের নির্দোষ দাবি করলেন ঘাতক সোহেল ও তার স্ত্রী
- আপডেট সময় : ০২:১২:০৬ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬
- / ১৫৪১ বার পড়া হয়েছে
আট বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার প্রধান আসামি সোহেল রানার এবং তার স্ত্রী স্বপ্না আক্তার আত্মপক্ষ সমর্থনের শুনানিতে নিজেদের নির্দোষ দাবি করে ন্যায়বিচার চেয়েছেন। এর আগে অভিযোগ গঠনের শুনানির দিন সোহেল দাবি করেছিলেন, তিনি শুধু রামিসাকে দুই টুকরো করেছেন।
বুধবার ঢাকার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালতে সোহেল ও স্বপ্নর আত্মপক্ষ সমর্থনের শুনানি হয়। বিচারক তাদের বিরুদ্ধে অভিযোগ পড়ে শোনান। তখন তারা ন্যায়বিচার চান। আত্মপক্ষ সমর্থনের শুনানির জন্য দুই আসামিকে সকালেই কারাগার থেকে আদালতে নিয়ে আসা হয়। বেলা ১১ টা ১০ মিনিটের দিকে বিচারক এজলাসে উঠেন। ফৌজদারি কার্যবিধির ৩৪২ ধারায় বিচারক আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ এবং ১৬ জনের সাক্ষ্য পড়ে শোনান। বিচারক এরপর জানতে চান, আসামিরা দোষী না নির্দোষ। উত্তরে সোহেল রানার স্ত্রী স্বপ্না নিজেকে নির্দোষ দাবি করেন। তবে সোহেল রানা আদালতে ক্ষমা ভিক্ষা করেন। এরপর আদালত যুক্তিতর্ক উপস্থাপনের জন্য বৃহস্পতিবার দিন রাখেন। এসময় ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী, বিশেষ পাবলিক প্রসিকিউটর আজিজুর রহমান দুলু ও আসামির পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মুসা কালিমূল্যাহ শুনানিতে উপস্থিত ছিলেন।























