শাবিপ্রবিতে নবীনদের বিকৃত কায়দায় রেগিং
- আপডেট সময় : ০৫:০৯:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
- / ১৫৫১ বার পড়া হয়েছে
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) নবীন শিক্ষার্থীদের আটকে রেখে বিকৃত ও আপত্তিকর কায়দায় র্যাগিংয়ের অভিযোগ উঠেছে ছয় সিনিয়র শিক্ষার্থীর বিরুদ্ধে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে লিখিত অভিযোগ দিয়েছেন এক ভুক্তভোগী শিক্ষার্থী।
গত সোমবার (১০ আগস্ট) রাতে বিশ্ববিদ্যালয়ের সৈয়দ মুজতবা আলী হল সংলগ্ন বড়গুল রিপন ছাত্রাবাসে এ ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, প্রথম বর্ষের চার শিক্ষার্থীকে প্রায় চার ঘণ্টা আটকে রেখে বিভিন্ন ধরনের র্যাগিং করা হয়।
ভুক্তভোগীদের অভিযোগ, তাদের নাচ ও বিভিন্ন ধরনের কান্নার অভিনয় করতে বাধ্য করা হয়। এ সময় চেয়ারকে নারী এবং নবীন শিক্ষার্থীকে পুরুষ সাজিয়ে অশ্লীল গানের তালে আপত্তিকর অভিনয় করানো হয়। পাশাপাশি অশালীন ও যৌন ইঙ্গিতপূর্ণ কবিতা পড়তে এবং আপত্তিকর শব্দ উচ্চারণ করতেও বাধ্য করা হয়।
নাম প্রকাশ না করার শর্তে এক ভুক্তভোগী জানান, এক সিনিয়র শিক্ষার্থীর জন্মদিন উপলক্ষে বসার কথা বলে তাদের ডেকে নেওয়া হয়। পরে ছয় সিনিয়র মিলে র্যাগিং শুরু করেন। ভুল করে কেউ হাসলে তাকে শাস্তি হিসেবে পা তুলে দাঁড়িয়ে থাকতে বলা হয়।
আরেক ভুক্তভোগী বলেন, তাকে একটি চেয়ারের সামনে দাঁড় করিয়ে সেটিকে মেয়ে কল্পনা করে যৌন ইঙ্গিতপূর্ণ কবিতার তালে অভিনয় করতে বাধ্য করা হয়। এতে তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন।
অভিযুক্তরা হলেন— বাংলা বিভাগের গোলজার, অর্থনীতি বিভাগের সোলাইমান, শিল্প ও উৎপাদন প্রকৌশল বিভাগের সাব্বির, পলিটিক্যাল স্টাডিজ বিভাগের মারুফ ও আবু রায়হান এবং পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের তীব্র।
অভিযোগের বিষয়ে আবু রায়হান জানান, তিনি ঘটনাস্থলে ছিলেন এবং কিছু অভিযোগের ঘটনা ঘটেছে। তবে তিনি এসব করেননি বলে দাবি করেন। অন্যদিকে মারুফ বলেন, তারা বিষয়টি নিজেদের মধ্যে সমাধান করে নিয়েছেন। অভিযুক্ত সোলাইমান ও সাব্বিরের বক্তব্য পাওয়া যায়নি।
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক বেলাল হোসেন শিকদার বলেন, বৃহস্পতিবার এ বিষয়ে অভিযোগ এসেছে। শুক্রবার বিষয়টি নিয়ে বসে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

























