লাশ হয়ে নিজ গ্রামে ফিরল মেধাবী লিমন
- আপডেট সময় : ০৪:২৬:১২ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬
- / ১৫৬২ বার পড়া হয়েছে
সোমবার এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বাংলাদেশ সময় সকাল ৮:৪০ মিনিটে নিহত লিমনের মরদেহ ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। লাশ গ্রহণের জন্য তার বাবা মা আত্মীয়রা বিমান বন্দরে যান। এরপর লিমনের মরদেহ গ্রামের বাড়ি জামালপুরের মাদার গঞ্জের করই-ছড়া ইউনিয়নের লাল ডোবা গ্রামে নিয়ে আসে। মাগরিবের পর জানাজা শেষে দাফন করা হবে।
নিহত লিমনের মরদেহ বাড়িতে এসে পৌঁছালে আত্মীয়-স্বজনদের আহাজারি ও কান্নার রোল পড়ে যায়। তাদের দাবি অচিরেই লিমন হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি নিশ্চিত করতে হবে।
আর সরকারের কাছে হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবি এলাকাবাসী।
লিমনের বাবা জহুরুল হক ১৯৯৪ সালে পরিবার নিয়ে ঢাকায় চলে যান। এরপর থেকে তারা ঢাকাতেই থাকেন সেখানে একটি টেক্সটাইল কারখানায় চাকুরী করেন। মেধাবী শিক্ষার্থী লিমন ২০১৪ সালে গাজীপুরের মাওনা মডেল হাইস্কুল থেকে এসএসসি ও ২০১৬ সালে বীরশ্রেষ্ঠ আব্দুর রউফ পাবলিক কলেজ থেকে এইচএসসি পাস করেন।
এরপর খুলনা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স শেষ করেন। ২০২৪ সালে জুলাই মাসের দিকে পিএইচডি করার জন্য যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় ভর্তি হন। সেখানে অধ্যয়নরত জামিল আহমেদ লিমন নৃশংস হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। তিনি ঐ বিশ্ববিদ্যালয়ে ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতিমালা বিষয়ে পিএইচডি করছিলেন। গত ২৪ এপ্রিল আমেরিকার ফ্লোরিডার ট্যাম্পা এলাকার হাওয়ার্ড ফ্র্যাঙ্ক-ল্যান্ড সেতু এলাকা থেকে লিমনের দেহের অবশিষ্টাংশ উদ্ধার করা হয়। এ ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে লিমনের সাবেক রুমমেট হিশাম আবুগার-বিয়ে-হকে গ্রেপ্তার করেছে হিলস-বোরো কাউন্টি শেরিফ কার্যালয়। হিশাম আবুগার-বিয়েহ যুক্তরাষ্ট্রের নাগরিক।
লিমনের নিথর দেহ যখন গ্রামের মাটিতে নামানো হলো, তখন সময় যেন এক মুহূর্তের জন্য থমকে দাঁড়াল। গ্রামের আকাশটা আজ অদ্ভুত নীরব, যেন সে-ও শ্বাস নিতে ভুলে গেছে। লাল ডোবা গ্রামের সেই বাড়িটা, যেখানে একসময় ভবিষ্যতের স্বপ্ন আঁকা হতো, আজ সেখানে শুধু ভাঙা শব্দ—কান্না, দীর্ঘশ্বাস আর নাম না জানা এক শূন্যতা।
























