মাজারে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে পঞ্চগড়ে মানববন্ধন
- আপডেট সময় : ০২:১০:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬
- / ১৭৯৮ বার পড়া হয়েছে
দেশের বিভিন্ন এলাকায় মাজারে হামলা, ভাংচুর সহ সুলতানুল আউলিয়া শাহ আলী বাগদাদী (রহ.)-এর মাজার শরীফে বর্বরোচিত হামলা ও ভাঙচুরের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে পঞ্চগড়ে মানববন্ধন কর্মসূচী পালন করেছে তরিকতপন্থী মুসলমানরা।
আজ শনিবার (২৩ মে) সকাল বেলা ১১ টায় পঞ্চগড় শহরের চৌরঙ্গী মোড়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ঢাকা-পঞ্চগড় জাতীয় মহাসড়কের পাশে ঘন্টাব্যাপী দাড়িয়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
আহলে সুন্নাত ওয়াল জামায়াত ও বাংলাদেশ সুপ্রিম পার্টি পঞ্চগড়ের ব্যানারে জেলার সর্বস্তরের তরিকতপন্থী মুসলমানরা এই কর্মসূচিতে অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, মাজার শরীফ মুসলিম উম্মাহর অন্যতম পবিত্র ও আবেগ জড়ানো স্থান। সেখানে হামলা ও ভাঙচুর চালিয়ে ধর্মপ্রাণ মুসলমানদের অনুভূতিতে চরম আঘাত হানা হয়েছে।
বক্তারা অবিলম্বে এই ন্যাক্কারজনক ঘটনার সাথে জড়িত দুষ্কৃতকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার এবং দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান।
মানববন্ধনে বক্তারা যেকোনো মূল্যে ধর্মীয় সম্প্রীতি ও মাজারের পবিত্রতা রক্ষা করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।



























