মন্দিরের জমি উদ্ধারের দাবি
- আপডেট সময় : ০৪:১০:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
- / ১৫৪২ বার পড়া হয়েছে
ফরিদপুরের নগরকান্দায় ৪০ বছরের পুরোনো সর্বজনীন দুর্গা মন্দিরের জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় হিন্দু সম্প্রদায়ের বাসিন্দারা।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার চৌমুখা পশ্চিমপাড়া সর্বজনীন দুর্গা মন্দিরের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে শত শত নারী-পুরুষ অংশ নেন।
প্রায় আধা ঘণ্টার মানববন্ধনে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের গণ্যমান্য ব্যক্তিরা বক্তব্য দেন। পরে মন্দির চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়।
মন্দিরের জমি দখলের অভিযোগ
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, মন্দিরের জমি লিজ নিয়ে মন্দিরের সেবায়েত ও সভাপতি নারায়ণ চন্দ্র মণ্ডলের নামে ডিসিআর নেওয়া হয়েছিল। তার মৃত্যুর পর ওই জমি দখলে নেওয়ার চেষ্টা করছেন তার তিন ছেলে।
বক্তাদের অভিযোগ, এরই মধ্যে তিন ভাই মিলে মন্দিরের জমিতে গরুর খামার, খড়ির মাচাসহ বিভিন্ন স্থাপনা তৈরি করেছেন। পাশাপাশি মন্দিরের জমি বিক্রিরও চেষ্টা চলছে বলে দাবি করেন স্থানীয়রা।
তারা বলেন, দীর্ঘদিনের পুরোনো এই মন্দিরের জমি মন্দিরের নামে ফিরিয়ে দেওয়া জরুরি। এ বিষয়ে দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ প্রয়োজন।
সরকারি হস্তক্ষেপের দাবি
স্থানীয় বাসিন্দারা জানান, মন্দিরটিতে দীর্ঘদিন ধরে নিয়মিত পূজা-অর্চনা হয়ে আসছে। তাই মন্দিরের জমি রক্ষা করে এটিকে স্থায়ী রূপ দিতে সরকারের সহযোগিতা চান তারা।
একই সঙ্গে হিন্দু সম্প্রদায়ের মানুষ যাতে নির্বিঘ্নে পূজা-অর্চনা করতে পারেন, সে পরিবেশ নিশ্চিত করার দাবি জানানো হয়।
স্থানীয়দের তথ্য অনুযায়ী, সর্বজনীন মন্দিরটির মোট জমির পরিমাণ ৩২ শতাংশ। জমিটির মালিক জেলা প্রশাসক, ফরিদপুর। তবে দীর্ঘদিন নারায়ণ চন্দ্র মণ্ডল মন্দিরের সেবায়েত ও সভাপতি থাকায় জমিটি তার নামে ডিসিআর নেওয়া হয়েছিল বলে অভিযোগ রয়েছে।
বিষয়টি সম্প্রতি জানাজানি হলে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মধ্যে ব্যাপক আলোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়। পরে জমি উদ্ধারের দাবিতে তারা মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন।

























