মধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন সামরিক উপস্থিতির ওপর নজিরবিহীন হামলা
- আপডেট সময় : ০৪:৫৩:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
- / ১৬২৯ বার পড়া হয়েছে
মধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন সামরিক উপস্থিতির ওপর এক নজিরবিহীন হামলা চালিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। তেহরানের ওপর মার্কিন বাহিনীর সাম্প্রতিক বিমান হামলার জবাবে পাল্টা আঘাত হিসেবে বাহরাইন, কুয়েত এবং জর্ডানসহ পুরো অঞ্চল জুড়ে প্রায় ১৮টি ভিন্ন ভিন্ন মার্কিন লক্ষ্যবস্তুতে এই হামলা চালানো হয়েছে বলে আইআরজিসি-র এক বিবৃতিতে দাবি করা হয়েছে।
বিবৃতিতে বিশেষভাবে জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটির কথা উল্লেখ করা হয়েছে। ইরান বিরোধী অভিযানে অংশ নেওয়ার জন্য এই ঘাঁটিতে অপেক্ষারত মার্কিন যুদ্ধবিমানগুলোকে লক্ষ্য করে ১২টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। নিখুঁত হামলায় ঘাঁটিতে থাকা মার্কিন এফ-১৫, এফ-১৬ এবং সর্বাধুনিক এফ-৩৫ মডেলের বেশ কয়েকটি যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। এছাড়া, কুয়েতের দুটি এবং বাহরাইনের একটি গুরুত্বপূর্ণ বিমানঘাঁটিতে একযোগে হামলা চালিয়েছে। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও আত্মঘাতী ড্রোনের সমন্বয়ে চালানো এই হামলায় মার্কিন সামরিক অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি তেহরানের। ইরানের এই পাল্টা হানার অন্যতম প্রধান লক্ষ্য ছিল বাহরাইনে অবস্থিত মার্কিন নৌবাহিনীর শক্তিশালী ‘পঞ্চম নৌবহর’। এই নৌঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্রের আঘাত অত্যন্ত শক্তিশালী এবং এর ফলে সেখানে ব্যাপক ক্ষয়ক্ষতি ও সামরিক বিপর্যয় দেখা দিয়েছে বলে জানা গেছে।
























