ভাসানীর আদর্শ ধারণ করে গণতন্ত্র রক্ষা করা হবে: প্রতিমন্ত্রী টুকু
- আপডেট সময় : ০২:৫৪:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
- / ১৫৫২ বার পড়া হয়েছে
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর আদর্শ ধারণ করে গণতন্ত্র রক্ষায় এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেছেন, ভাসানী কখনো অন্যায়-অবিচারের কাছে মাথা নত করেননি। গণতন্ত্র প্রতিষ্ঠায় আজীবন লড়াই করেছেন। তাঁর আদর্শ বুকে ধারণ করেই তাঁরা সামনের পথে এগিয়ে যাবেন।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে টাঙ্গাইলের সন্তোষে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম ওফাতবার্ষিকীর স্মরণসভায় তিনি এসব কথা বলেন। জেলা বিএনপি এ সভার আয়োজন করে।
স্বাধীনতা যুদ্ধের বীজ বপন করেছিলেন ভাসানী
সুলতান সালাউদ্দিন টুকু বলেন, স্বাধীনতা যুদ্ধের মূল বীজ টাঙ্গাইল থেকেই বপন করেছিলেন মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানী। তিনি নির্যাতিত ও নিপীড়িত মানুষের অধিকার আদায়ে আজীবন সংগ্রাম করেছেন।
একইভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়াও মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠায় আন্দোলন-সংগ্রাম করেছেন। তাঁরাও কখনো অন্যায়ের কাছে আপস করেননি।
গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
প্রতিমন্ত্রী বলেন, যারা দেশে গণতন্ত্র হরণ করে বাকশাল কায়েম করেছিল, তারাই স্বাধীনতার মূল চেতনাকে ধ্বংস করেছে। বিগত ১৭ বছর ফ্যাসিবাদ কায়েম করে মানুষের ওপর নির্যাতন-নিপীড়ন চালানো হয়েছে। এ সময়ে অসংখ্য নেতাকর্মী খুন ও গুমের শিকার হয়েছেন।
তিনি আরও বলেন, সর্বশেষ জুলাই আন্দোলনে ১ হাজার ৪০০ মানুষকে নির্বিচারে হত্যা করা হয়েছে। এমনকি শিশুদেরও হত্যা করা হয়েছে।
টুকু বলেন, জনগণের মাধ্যমে বিতাড়িত সেই অপশক্তি আবারও বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। তারা সাময়িকভাবে অস্থিরতা তৈরি করতে পারে। তবে বাংলাদেশের জনগণ তাদের রাজনীতিতে আর জায়গা দেবে না। এ বিষয়ে সবাইকে সজাগ ও সতর্ক থাকতে হবে।
ফ্যাসিবাদী শক্তিকে প্রতিহত করার আহ্বান
গোপালগঞ্জে বাড়িঘরে অগ্নিসংযোগের প্রসঙ্গ তুলে প্রতিমন্ত্রী বলেন, বাড়িতে আগুন দেওয়ার মতো ঘটনা কোনো রাজনৈতিক দল করতে পারে না। এ ধরনের কাজ ফ্যাসিবাদী, স্বৈরাচারী ও খুনিরাই করতে পারে।
তিনি বলেন, এই অপশক্তি যাতে রাজনীতিতে ফিরে আসতে না পারে, সে বিষয়ে জনগণ ঐক্যবদ্ধ রয়েছে। তাই পাড়া-মহল্লা ও শিক্ষাপ্রতিষ্ঠানসহ সর্বস্তরের মানুষকে একযোগে এগিয়ে আসতে হবে। পাশাপাশি ফ্যাসিবাদের দোসর ও বিশৃঙ্খলাকারীদের প্রতিহত করতে হবে।
তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র রক্ষার প্রত্যয়
সুলতান সালাউদ্দিন টুকু বলেন, আগামী দিনেও সবাই ঐক্যবদ্ধ থাকবেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখতে কাজ করবেন। মওলানা ভাসানী অন্যায়ের কাছে কখনো মাথা নত করেননি। তাঁর সংগ্রামী আদর্শ ধারণ করেই তাঁরা পথ চলবেন।
জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীনের সভাপতিত্বে স্মরণসভাটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু।
এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, অ্যাডভোকেট আবদুস সালাম পিন্টু এমপি, আবুল কালাম আজাদ সিদ্দিকী এমপি, সাইদুর রহমান সাইদ সোহরাব এবং টাঙ্গাইল জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এস এম ওবায়দুল হক নাসির।
এর আগে বিএনপির পক্ষ থেকে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর মাজারে পুষ্পস্তবক অর্পণ ও জিয়ারত করেন নেতাকর্মীরা।
ভাসানীর মাজারে মানুষের ঢল
এদিকে, মৃত্যুবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার ভোর থেকেই টাঙ্গাইলের সন্তোষে ভাসানীর মাজার প্রাঙ্গণে মানুষের ঢল নামে। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ফুল দিয়ে তাঁর প্রতি শ্রদ্ধা জানান।
এ সময় ফুলে ফুলে ছেয়ে যায় মাজার প্রাঙ্গণ। ভক্ত ও মুরিদানদের কণ্ঠে শোনা যায় ‘যুগ যুগ জিও তুমি মওলানা ভাসানী’ স্লোগান। তাঁদের শ্রদ্ধা ও ভালোবাসায় মুখর হয়ে ওঠে পুরো মাজার এলাকা।




















