ভারতের ওপর ১০০ শতাংশ শুল্কের পথ খুলে দিলেন ট্রাম্প
- আপডেট সময় : ১১:৪৭:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
- / ১৫৫৫ বার পড়া হয়েছে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আইনে স্বাক্ষর করেছেন। নতুন এই আইনের ফলে রাশিয়ার তেল ও গ্যাস আমদানি অব্যাহত রাখা দেশগুলোর পণ্যে সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের ক্ষমতা পেয়েছে মার্কিন প্রশাসন। এর ফলে ভারত ও চীনের মতো দেশের পণ্যে বড় ধরনের অতিরিক্ত শুল্ক আরোপের সুযোগ তৈরি হয়েছে।
কী আছে নতুন আইনে
‘লিন্ডসে ও. গ্রাহাম স্যাংশনিং রাশিয়া অ্যান্ড ইরান অ্যাক্ট ২০২৬’ নামের আইনটি রাশিয়ার সরকারি কর্মকর্তা, ব্যাংক, জ্বালানি খাত এবং মস্কোর সঙ্গে ব্যবসা করা বিদেশি প্রতিষ্ঠানকে লক্ষ্য করে তৈরি করা হয়েছে।
আইন অনুযায়ী, রুশ পণ্যের ওপর সর্বোচ্চ ৫০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করা যেতে পারে। পাশাপাশি রাশিয়ার জ্বালানি কেনা দেশগুলোর পণ্যে সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের ক্ষমতা দেওয়া হয়েছে মার্কিন প্রেসিডেন্টকে।
তবে ভারতের ওপর এখনই ১০০ শতাংশ শুল্ক আরোপ করা হয়নি। নতুন আইনটি শুধু ট্রাম্পকে এমন শুল্ক আরোপের ক্ষমতা দিয়েছে। তিনি সেই ক্ষমতা প্রয়োগ করলেই ভারতীয় পণ্যে নতুন শুল্ক কার্যকর হবে।
ভারতের অবস্থান কী
রাশিয়ার কাছ থেকে তেল কেনা নিয়ে এর আগেও ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্যিক চাপ তৈরি হয়েছিল। তবে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে ভারতীয় পণ্যের ওপর অতিরিক্ত মার্কিন শুল্ক প্রত্যাহার করা হয়। একই সঙ্গে পারস্পরিক শুল্ক ১৮ শতাংশে নামিয়ে আনা হয়।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দেশের ১৪০ কোটি মানুষের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন উৎস থেকে তেল আমদানি অব্যাহত রাখবে নয়াদিল্লি। পাশাপাশি বাণিজ্য ও অর্থনৈতিক স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
মার্কিন আইনপ্রণেতাদের উদ্বেগ
এদিকে মার্কিন কংগ্রেসে আইনটি পাস হলেও কয়েকজন রিপাবলিকান আইনপ্রণেতা নতুন শুল্ক আরোপের ক্ষমতা নিয়ে উদ্বেগ জানিয়েছেন। তাদের আশঙ্কা, অতিরিক্ত শুল্ক আরোপ করা হলে শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের ভোক্তাদের জন্য বিভিন্ন পণ্যের দাম বেড়ে যেতে পারে।

























