বিরল কীর্তিতে শরিফুল
- আপডেট সময় : ১২:১৭:১১ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬
- / ১৫৫৮ বার পড়া হয়েছে
অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে বাংলাদেশের ব্যাটিং বিপর্যয়ের দিনে ব্যাট হাতে বিরল এক রেকর্ড গড়েছেন পেসার শরিফুল ইসলাম। একাদশে ফেরার ম্যাচে বল হাতে নামার আগেই ইতিহাসের পাতায় জায়গা করে নেন তিনি।
মেকাইয়ের গ্রেট ব্যারিয়ার রিফ এরেনায় দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে মাত্র ৬৪ রানে অলআউট হয় বাংলাদেশ। ৩৪ ওভারের ইনিংসে দলের হয়ে সর্বোচ্চ ১৪ রান করেন ১১ নম্বরে ব্যাট করতে নামা শরিফুল।
অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে ১১ নম্বরে নেমে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান করার ঘটনা এবারই প্রথম। টেস্ট ইতিহাসেও এমন ঘটনা খুবই বিরল। সব মিলিয়ে মাত্র ১৩তমবার কোনো দলের ১১ নম্বরে নামা ব্যাটার সেই দলের ইনিংসে সর্বোচ্চ রান করলেন।
বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ রান আসে তাইজুল ইসলামের ব্যাট থেকে। নয় নম্বরে নেমে তিনি করেন ১২ রান।
বাংলাদেশের ক্রিকেটে অবশ্য ১১ নম্বর ব্যাটারের দলের সর্বোচ্চ রান করার ঘটনা এবারই প্রথম নয়। ২০০৪ সালে ভারতের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে ১১ নম্বরে নেমে ৩১ রান করেছিলেন তালহা জুবায়ের। সেবার ১২৪ রানে অলআউট হয়েছিল বাংলাদেশ।
এবার পরিস্থিতি ছিল আরও কঠিন। একপর্যায়ে মাত্র ৩৯ রানেই ৯ উইকেট হারায় বাংলাদেশ। শেষ উইকেটে তাইজুল ও শরিফুলের ২৫ রানের জুটি দলকে আরও বড় লজ্জার হাত থেকে কিছুটা রক্ষা করে।
শেষ পর্যন্ত ৬৪ রানে থামে বাংলাদেশের ইনিংস, যা টেস্ট ইতিহাসে বাংলাদেশের চতুর্থ সর্বনিম্ন দলীয় সংগ্রহ। এর আগে ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৪৩, ২০২২ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৫৩ এবং ২০০৭ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ৬২ রানে অলআউট হয়েছিল বাংলাদেশ।





















