বান্দরবানে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন
আবুবকর ছিদ্দিক, বান্দরবান
- আপডেট সময় : ১২:৩৮:২৪ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
- / ১৬০১ বার পড়া হয়েছে
‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে বান্দরবানে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপন করা হয়েছে।
রোববার (১৬ আগস্ট) বান্দরবান পার্বত্য জেলা পরিষদ ও জেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে মৎস্য পোনা অবমুক্তকরণ, র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচি পালিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বান্দরবান-৩০০ আসনের সংসদ সদস্য রাজপুত্র সাচিং প্রু জেরী। সভাপতিত্ব করেন জেলা পরিষদের সদস্য ও মৎস্য অধিদপ্তরের আহ্বায়ক খামলাই ম্রো।
প্রধান অতিথি বলেন, বান্দরবানের জলাশয় ও পাহাড়ি ছড়াগুলোতে মৎস্য উৎপাদনের ব্যাপক সম্ভাবনা রয়েছে। পরিকল্পিত মাছ চাষ ও মৎস্যসম্পদ সংরক্ষণ করা গেলে কর্মসংস্থান, আয় বৃদ্ধি ও জেলার অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে।
আলোচনা সভা শেষে জেলার পাঁচজন মৎস্যচাষীকে সম্মাননা স্মারক দেওয়া হয়।




















