গত বছরের ঈদুল ফিতরে মুক্তি পাওয়া ‘বরবাদ’ সিনেমার সাফল্যের পর আবারও এক হচ্ছেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান ও নির্মাতা মেহেদী হাসান হৃদয়। নতুন এই সিনেমার ঘোষণা ঘিরে ইতোমধ্যেই চলচ্চিত্র অঙ্গনে শুরু হয়েছে নানা আলোচনা।
তবে সিনেমার গল্প বা নামের চেয়ে বেশি আলোচনায় রয়েছে নায়িকা নির্বাচন। সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন ছড়ায়, শাকিব খানের বিপরীতে এবারও দেখা যেতে পারে অভিনেত্রী সাবিলা নূরকে। এর আগে ‘তাণ্ডব’ ও ‘রকস্টার’ সিনেমায় শাকিবের সঙ্গে কাজ করেছেন তিনি। সেই অভিজ্ঞতা থেকেই নতুন ছবিতেও তাদের জুটি হওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়।
তবে এই গুঞ্জন উড়িয়ে দিয়েছেন সিনেমাটির প্রযোজক শাহরীন আক্তার সুমি। তিনি বলেন, এখনো সাবিলার কথা ভাবিনি। নায়িকা নিয়ে নিজস্ব পরিকল্পনা রয়েছে। অক্টোবরে যে সিনেমার শুটিং শুরু হবে, সেখানে কোনোভাবেই সাবিলা থাকছেন না।
অন্যদিকে, নির্মাতা মেহেদী হাসান হৃদয় জানান, ছবির নায়িকা এখনো চূড়ান্ত হয়নি। তার ভাষায়, “আগে স্ক্রিপ্ট লক হোক। এরপর সময়মতো নায়িকার নাম জানিয়ে দেওয়া হবে। সিনেমা নিয়ে আলোচনা হতেই পারে, এতে সমস্যা দেখি না।”
এদিকে ছবির নাম নিয়েও চলছে জল্পনা। সামাজিক যোগাযোগমাধ্যমে ‘নিঃস্ব’ ও ‘হায়েনা’ নাম দুটি ঘুরে বেড়ালেও নির্মাতা এখনই কিছু নিশ্চিত করতে চাননি। তিনি বলেন, সময় হলেই আনুষ্ঠানিকভাবে নাম ঘোষণা করা হবে।
জানা গেছে, আগামী অক্টোবরে সিনেমাটির শুটিং শুরু হওয়ার পরিকল্পনা রয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী বছরের ঈদুল ফিতরে ছবিটি মুক্তি পাবে।
প্রসঙ্গত, ‘বরবাদ’ ছিল মেহেদী হাসান হৃদয়ের প্রথম চলচ্চিত্র। শাকিব খানকে নিয়ে নির্মিত সেই সিনেমা বক্স অফিসে বড় সাফল্য পায়। পরবর্তীতে তাদের মধ্যে দূরত্বের গুঞ্জন থাকলেও প্রায় দুই বছর পর নতুন অ্যাকশনধর্মী সিনেমায় আবারও এক হচ্ছেন তারা। নির্মাতার দাবি, নতুন ছবিতে দর্শক শাকিব খানকে সম্পূর্ণ ভিন্ন এক রূপে দেখতে পাবেন।