ফিলিপাইনে ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১৫
- আপডেট সময় : ০৪:৪২:২০ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬
- / ১৫৬৬ বার পড়া হয়েছে
দক্ষিণ ফিলিপিন্সের মিন্দানাও দ্বীপে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে ভবন ধসে নিহতের সংখ্যা বেড়ে ১৫ জনে দাঁড়িয়েছে। এছাড়াও পাঁচ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। সোমবার স্থানীয় সময় ৭টা ৩৭ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়।
ভূমিকম্পের কেন্দ্র ছিল জেনারেল স্যান্টোস সিটির উপকূলের কাছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, মাটির ৩৫ কিলোমিটার গভীরে শক্তিশালী এ ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পের পর ফিলিপিন্স, ইন্দোনেশিয়া, জাপানসহ ওই অঞ্চলের বেশ কয়েকটি দেশ সুনামি সতর্কতা জারি করেছে। দেশটির প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র সংশ্লিষ্ট সব সরকারি সংস্থাকে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। সেই সঙ্গে জনসাধারণকে উঁচু স্থানে সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন। ফিলিপিন্সের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার তথ্য কর্মকর্তা দিয়েগো মারিয়ানো বলেছেন, বিভিন্ন অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। তিনি বলেন, জনসাধারণকে তাদের বাড়িঘর বা অন্যান্য ভবন, বিশেষ করে যেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, সেগুলোতে এখনই প্রবেশ না করতে অনুরোধ জানানো হয়েছে।



























