পশ্চিমবঙ্গের সীমান্তজুড়ে বেড়েছে বিএসএফের অপতৎপরতা
- আপডেট সময় : ১১:২৮:০২ পূর্বাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬
- / ১৫৭৭ বার পড়া হয়েছে
পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের সীমান্তরেখায় বারবার পুশ-ইনের চেষ্টা অব্যাহত রয়েছে। ইতোমধ্যে ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ-এর বেশ কয়েকটি চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডারগার্ড বাংলাদেশ বিজিবি। অভিযোগ রয়েছে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের পর আবারও ভারতীয় মুসলিম বাঙালিদের বাংলাদেশের অভ্যন্তরে জোর করে পুশইন করার পরিকল্পনা নিয়েছে সে দেশের সরকার।
সীমান্ত এলাকায় বসবাসকারী লোকজন জানিয়েছে, দীর্ঘদিন ভারতে অবস্থানসহ বিয়েসাদী, সন্তান জন্ম ও সকল নাগরিক সুবিধা ভোগ করার পরও ভারতীয় সরকার আন্তর্জাতিক আইনকে তোয়াক্কা না করে পঞ্চগড়ের বিভিন্ন সীমান্ত দিয়ে তাদের জোর করে বাংলাদেশে ঠেলে দেয়ার চেষ্টা করছে। সীমান্ত সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, জেলার ২৭৮ কিলোমিটার সীমান্ত জুড়েই ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ অসংখ্য বাঙালিকে এদেশের অভ্যন্তরে অবৈধভাবে প্রবেশের চেষ্টা চালাচ্ছে। গতকাল পঞ্চগড় সদর উপজেলার বড়বাড়ি প্রধানপাড়া সীমান্ত দিয়ে নারী পুরুষের ১০ জনের একটি দলকে জোর করে পুশইনের চেষ্টা করলে বাংলাদেশী বর্ডার গার্ড বাহিনী বিজিবির সতর্ক অবস্থানের কারণে প্রবেশ করাতে ব্যর্থ হয়।
এদিকে, লালমনিরহাটের তিনটি সীমান্ত পয়েন্ট দিয়ে ৩৩ জন নারী-পুরুষকে বাংলাদেশে ঠেলে দেওয়ার পুশইন চেষ্টা শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছে।সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের বিজিবি কঠোর অবস্থান, অতিরিক্ত টহল ও সার্বক্ষণিক নজরদারির মুখে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ পুশইনের জন্য আনা সব ব্যক্তিকেই নিজ ভূখণ্ডে ফিরিয়ে নিয়েছে।




















