পটুয়াখালীতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন কর্মসূচি
- আপডেট সময় : ০৪:৪২:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬
- / ১৫৫০ বার পড়া হয়েছে
জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে পটুয়াখালী ইয়ুথ ফোরামের উদ্যোগে ও জেলা প্রশাসনের তত্ত্বাবধানে কমলাপুর ইউনিয়নে বিনামূল্যে চক্ষু চিকিৎসা, পরীক্ষা-নিরীক্ষা, ওষুধ ও চশমা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত কমলাপুর ইউনিয়ন পরিষদে আয়োজিত এ কর্মসূচিতে চার শতাধিক নারী-পুরুষকে চিকিৎসাসেবা দেওয়া হয়। ইস্পাহানি ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতাল, বরিশালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা সেবা দেন।
এ সময় ছানি রোগীদের শনাক্ত করে পরবর্তী সময়ে বিনামূল্যে অস্ত্রোপচারের জন্য বাছাই করা হয়।
কর্মসূচিতে জেলা প্রশাসনের প্রতিনিধি সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল-হাসীব মো. তাসফিকুল ইসলামসহ স্থানীয় জনপ্রতিনিধি, পটুয়াখালী ইয়ুথ ফোরামের নেতৃবৃন্দ ও স্বেচ্ছাসেবকেরা উপস্থিত ছিলেন।
আয়োজকেরা জানান, সুবিধাবঞ্চিত ও নিম্নআয়ের মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা নিশ্চিত করা এবং ছানি রোগীদের চিকিৎসার আওতায় আনাই এ উদ্যোগের মূল লক্ষ্য।
























