নাইজেরিয়ায় যৌথ অভিযানে ১৭৫ আইএস সদস্য নিহত
- আপডেট সময় : ০৭:০৯:৪৪ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬
- / ১৮১৬ বার পড়া হয়েছে
নাইজেরিয়ায় তিন দিনব্যাপী এক ভয়াবহ যৌথ অভিযানে আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী আইএসের অন্তত ১৭৫ সদস্য নিহত হয়েছে। মার্কিন ও নাইজেরীয় বাহিনীর এই যৌথ স্থল ও বিমান অভিযানে প্রাণ হারিয়েছে গোষ্ঠীটির বৈশ্বিক সেকেন্ড-ইন-কমান্ড আবু বিলাল আল-মিনুকিসহ বেশ কয়েকজন শীর্ষ নেতা। গত ১৬ থেকে ১৯ মে পর্যন্ত দেশটির বিভিন্ন দুর্গম এলাকায় এই অভিযান চালানো হয়।
নাইজেরিয়ার প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, নিহতদের মধ্যে আইএস-এর পশ্চিম আফ্রিকা শাখার শীর্ষ নেতা আবদ-আল ওয়াহাব এবং আবু মুসা আল-মাঙ্গাউইও রয়েছেন। অভিযানের ফলে গোষ্ঠীটির বেশ কিছু চেকপয়েন্ট, অস্ত্রাগার এবং লজিস্টিক কেন্দ্র গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
এ বছরের প্রথম তিন মাসে আইএসের বৈশ্বিক তৎপরতার ৮৬ শতাংশই ঘটেছে আফ্রিকায়। নাইজেরিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে চলতি বছরের ফেব্রুয়ারিতে প্রায় ১০০ মার্কিন সামরিক কর্মকর্তা দেশটিতে পৌঁছান। মূলত প্রশিক্ষণ এবং বড় অভিযানে নাইজেরীয় বাহিনীকে সহায়তা করাই তাদের লক্ষ্য।


























