নওগাঁয় ইটভাটার গ্যাসে ৭০ বিঘা জমির ফসল নষ্টের অভিযোগ
- আপডেট সময় : ০৪:৩১:১৯ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬
- / ১৫৪২ বার পড়া হয়েছে
নওগাঁর মহাদেবপুরে ইটভাটার বিষাক্ত গ্যাসে প্রায় ৭০ বিঘা জমির ধান নষ্ট হয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ ও ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি করছে ক্ষতিগ্রস্ত কৃষকরা। তবে তাদের অভিযোগ পুরোপুরি সত্য নয় বলে দাবি ভাটা মালিকের।
মাঠে সোনালী স্বপ্নের বদলে এখন কেবলই পোড়া ধানের হাহাকার। নওগাঁর মহাদেবপুর উপজেলার রানতৈর ও খাজুর মৌজার বিস্তীর্ণ মাঠজুড়ে এখন নষ্ট হয়ে যাওয়া ধানের ছড়া। কৃষকদের অভিযোগ, ইটভাটা বন্ধের সময় নির্গত বিষাক্ত গ্যাসে পুড়ে গেছে তাদের কষ্টার্জিত ফসল।
ক্ষতিগ্রস্ত কৃষকদের দাবি, উপজেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি ইব্রাহীম সরকারের ‘সরকার অ্যান্ড সন্স’ ইটভাটা থেকে নির্গত ধোঁয়ায় প্রায় ১০০ কৃষকের ৬০ থেকে ৭০ বিঘা জমির ধান নষ্ট হয়ে গেছে।
বিষয়টি নিয়ে উপজেলা চত্ত্বরে মানববন্ধনও করেছে কৃষকরা। তারা প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগও দিয়েছেন।
অভিযোগের প্রেক্ষিতে উপজেলা কৃষি কর্মকর্তাকে দায়িত্ব দিয়েছেন এর সুষ্ঠ তদন্তের জন্য। তিনি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থার নেয়ার আশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তা মানজুরা মুশাররফের।
ইট ভাটার বিষাক্ত গ্যাসের কারণে কিছু ফসলের ক্ষতি সাধিত হয়েছে তবে কী পরিমাণ ক্ষতি হয়েছে তা তদন্ত শেষে বলতে পারবেন বলছেন এই কৃষি কর্মকর্তা।
ভাটা মালিক ইব্রাহীম সরকার বলেন, প্রাথমিক অবস্থায় কিছু ফসলের ক্ষতি হলেও কয়েকদিনের বৃষ্টির কারণে সেই ক্ষতি এখন একেবারেই নগণ্য।
তদন্তের মাধ্যমে সঠিক বিচার আর ক্ষতিপূরণ পাবেন এমনটাই প্রত্যাশা ক্ষতিগ্রস্তদের।
























