দেশের ১১ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস
- আপডেট সময় : ০৩:০১:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
- / ১৯৪৯ বার পড়া হয়েছে
রাজধানী ঢাকাসহ দেশের ১১ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দুপুর একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়া অধিদপ্তরের দেওয়া সতর্কবার্তায় তথ্যটি জানানো হয়।
পূর্বাভাসে বলা হয়, ঢাকা, ময়মনসিংহ, ফরিদপুর, বরিশাল, পটুয়াখালী, খুলনা, কুমিল্লা, নোয়াখালী, কক্সবাজার, চট্টগ্রাম এবং সিলেট জেলার ওপর দিয়ে পূর্ব অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। উল্লেখিত সময়ে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির শঙ্কা রয়েছে। তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। অপর এক পূর্বাভাসে জানানো হয়, দেশের সব বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরণের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। দেশের সব বিভাগে আগামী এক সপ্তাহ ঝড়বৃষ্টি ও ভারী বর্ষণের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।



























