দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত
- আপডেট সময় : ০৪:১৭:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
- / ১৫৮২ বার পড়া হয়েছে
চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা চার সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি বলেছে, আজ ঢাকাসহ চার বিভাগে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। রাজধানীর আকাশ সকাল থেকেই মেঘলা। বৃষ্টি হয়েছে অনেকটা। আবহাওয়া অফিস বলছে, রাজধানীতে থেমে থেমে বৃষ্টি হতে পারে। তবে বেলা বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হতে পারে।
গত রোববার থেকেই দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি শুরু হয়। আজও রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। আকাশে গভীর মেঘ দেখা দিয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে , গভীর সঞ্চারণশীল মেঘ দেখা দিয়েছে। এর ফলে বায়ুচাপের তারতম্যের জন্যই সমুদ্রবন্দরগুলোয় ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
রোববারের আগে টানা এক সপ্তাহ রাজধানীসহ দেশের বেশির ভাগ এলাকায় তাপপ্রবাহ বয়ে যায়। জনজীবন দুর্বিষহ হয়ে ওঠে। দেশের বিভিন্ন স্থানে লোডশেডিং এই কষ্ট আরও বাড়িয়ে দেয়। তবে রোববারের বৃষ্টির পর থেকে তাপপ্রবাহ কমে আসতে শুরু করে। রোববার ৪১ মিলিমিটার বৃষ্টি হয়।
আজ ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে বলে আবহাওয়া অধিদপ্তরের দিনের পূর্বাভাসে বলা হয়েছে।
























