দুদকের পুরোনো অনুসন্ধান ও মামলা দ্রুত নিষ্পত্তিতে ৫ সদস্যের কমিটি
- আপডেট সময় : ১২:৪৮:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
- / ১৫৭৭ বার পড়া হয়েছে
দুর্নীতি দমন কমিশনের (দুদক) পুরোনো ও দীর্ঘদিন ধরে চলমান অনুসন্ধান এবং মামলাগুলো দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করেছে সংস্থাটি। কমিটিকে পুরোনো অনুসন্ধান ও মামলাগুলো পর্যালোচনা করে দ্রুত নিষ্পত্তির বিষয়ে সুনির্দিষ্ট সুপারিশসহ প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
গত ১৫ অক্টোবর দুদকের জারি করা এক অফিস আদেশে এ কমিটি গঠনের কথা জানানো হয়।
কমিটির আহ্বায়ক ও সদস্য যারা
দুদকের পরিচালক (লিগ্যাল) মো. শাহাদৎ হোসেন প্রামানিককে কমিটির আহ্বায়ক করা হয়েছে। আর পরিচালক (মানিলন্ডারিং) মো. মোরশেদ আলমকে সদস্যসচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।
কমিটির অন্য সদস্যরা হলেন দুদকের পরিচালক (প্রসিকিউশন) মোহাম্মদ ইকবাল বাহার, পরিচালক (বিশেষ অনু: ও তদন্ত-৩) ড. মোহাম্মদ জহিরুল হুদা এবং পরিচালক (অনু: ও তদন্ত-১) রিজিয়া খাতুন।
১০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমার নির্দেশ
অফিস আদেশ অনুযায়ী, কমিটির প্রধান কাজ হবে দুদকের পুরোনো ও দীর্ঘ সময় ধরে চলমান অনুসন্ধান এবং মামলাগুলো পর্যালোচনা করা। এসব অনুসন্ধান ও মামলা দ্রুততম সময়ে নিষ্পত্তির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ চিহ্নিত করে সুনির্দিষ্ট সুপারিশ প্রণয়ন করবে কমিটি।
এ ছাড়া পর্যালোচনার ভিত্তিতে কীভাবে দীর্ঘদিন ধরে ঝুলে থাকা অনুসন্ধান ও মামলাগুলোর নিষ্পত্তি ত্বরান্বিত করা যায়, সে বিষয়ে সুপারিশসহ প্রতিবেদন তৈরি করতে হবে।
কমিটিকে আগামী ১০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন প্রস্তুত করে দুদক সচিবের কাছে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কাজের প্রয়োজনে কমিটি অন্য কোনো ব্যক্তিকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করতে পারবে বলেও অফিস আদেশে উল্লেখ করা হয়েছে।
দুদকের এ উদ্যোগের মাধ্যমে দীর্ঘদিন ধরে চলমান অনুসন্ধান ও মামলাগুলোর অগ্রগতি পর্যালোচনা এবং সেগুলোর নিষ্পত্তি প্রক্রিয়া গতিশীল করার বিষয়ে সুপারিশ পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।





















